Dhaka, Thursday | 22 October 2026
         
English Edition
   
Epaper | Thursday | 22 October 2026 | English
শিরোনাম:

বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ হিসেবে থাকছেন স্কালোনি

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত থাকার সুযোগ

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ২:২৩ পিএম আপডেট: ২২.১০.২০২৬ ২:৩২ পিএম  (ভিজিটর : ৮)

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব চালিয়ে যেতে সম্মত হয়েছেন লিওনেল স্কালোনি। নতুন চুক্তির মেয়াদ হবে ২০২৮ সাল পর্যন্ত। পাশাপাশি দুই পক্ষের সম্মতিতে চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত করার সুযোগও থাকছে।

আর্জেন্টিনার সংবাদ সংস্থা নোটিসিয়াস আর্জেন্টিনাস ও দেশটির সংবাদমাধ্যম পারফিলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বুয়েনস আইরেস টাইমস। প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে চুক্তির মেয়াদ ও আর্থিক বিষয়গুলো নিয়ে সমঝোতায় পৌঁছেছেন স্কালোনি।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারের পর আর্জেন্টিনার কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন স্কালোনি। ওই ম্যাচের পর তিনি জানিয়েছিলেন, ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ পূরণ করবেন। এরপর দায়িত্ব চালিয়ে যাওয়া নিয়ে সিদ্ধান্ত নিতে সময় প্রয়োজন।

এরপর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়ার সঙ্গে তাঁর আলোচনা হয়। দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় স্কালোনির দায়িত্বে থাকার অনিশ্চয়তা অনেকটাই কেটেছে। তবে নতুন চুক্তির বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এএফএ। সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, আগামী আন্তর্জাতিক বিরতিতে এ ঘোষণা আসতে পারে।

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত থাকার সম্ভাবনা
প্রতিবেদন অনুযায়ী, স্কালোনির সঙ্গে প্রাথমিকভাবে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি হবে। এরপর দুই পক্ষের সম্মতি সাপেক্ষে চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত নেওয়া সম্ভব হবে। এতে আর্জেন্টিনার জাতীয় দলের সঙ্গে স্কালোনির দীর্ঘমেয়াদি পথচলা অব্যাহত রাখার সুযোগ তৈরি হচ্ছে।
স্কালোনির অধীনে সাফল্যের নতুন অধ্যায়

২০১৮ সালে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নেন স্কালোনি। তাঁর অধীনে দলটি ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকা জেতে। এ ছাড়া ২০২২ সালে ফিনালিসিমা ও কাতার বিশ্বকাপের শিরোপাও জয় করে আর্জেন্টিনা।

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পাশাপাশি দলটির ধারাবাহিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন স্কালোনি। তাঁর অধীনেই ২০২২ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারলেও স্কালোনির অধীনে আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। নতুন চুক্তি কার্যকর হলে আগামী কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দলটির প্রস্তুতি ও পরিকল্পনা এগিয়ে নেওয়ার সুযোগ পাবেন এই আর্জেন্টাইন কোচ।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝