সাইবার নিরাপত্তাঝুঁকির কারণে তিন দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি সচল হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
এর আগে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
সম্প্রতি ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত পিএইচপি (PHP) প্রোগ্রামিং ভাষায় দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা যাচাইসহ জরুরি পদক্ষেপ নেয়।
একই ধরনের ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকও তাদের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা ওয়েবসাইটটির নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা করেন।
নিরাপত্তা যাচাই ও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পর রোববার সকাল ৮টায় ওয়েবসাইটটি পুনরায় চালু করা হয়।
এফপি/মিব