বৈশ্বিক সাইবার নিরাপত্তা সতর্কতার পর ঝুঁকি এড়াতে আগাম বন্ধ রাখা হলেও রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলার আলামত পাওয়া গেছে। ওয়েবসাইটটির অন্তত দুটি স্থানে সন্দেহজনক স্প্যাম শনাক্ত হওয়ার পর নিরাপত্তা পুনরুদ্ধারে কাজ করছেন ব্যাংকটির তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের কর্মীরা। এ কারণে ছুটি শেষে ব্যাংকিং কার্যক্রম শুরু হলেও রোববার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত ওয়েবসাইটটি সচল করা সম্ভব হয়নি।
জনতা ব্যাংকের আইটি বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ওয়েবসাইটের দুটি স্থানে সাইবার হামলার আলামত শনাক্ত হয়েছে। সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে। রোববারের মধ্যেই ওয়েবসাইটটি পুরোপুরি নিরাপদ করে পুনরায় চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ শূন্য থাকায় এ বিষয়ে তাঁর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। গত ১৯ অক্টোবর জনতা ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমানের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার। পরদিন থেকে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ব্যাংক খাতে টানা পাঁচ দিনের ছুটি শুরু হয়।
এর আগে বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত পিএইচপি (PHP) প্রোগ্রামিং ভাষায় দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সম্ভাব্য সাইবার হামলার আশঙ্কায় গত ২১ অক্টোবর যৌথ সতর্কতা জারি করে ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা (ENISA) ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলো।
সতর্কবার্তায় জানানো হয়, এসব নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা ঝুঁকিপূর্ণ সার্ভারে দূর থেকে ক্ষতিকর কোড চালাতে পারে। দ্রুত প্রয়োজনীয় নিরাপত্তা হালনাগাদ বা সিকিউরিটি প্যাচ প্রয়োগ করা সম্ভব না হলে ঝুঁকিপূর্ণ অ্যাপ্লিকেশনগুলো সাময়িকভাবে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখার পরামর্শ দেওয়া হয়।
ওই সতর্কতার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের ওয়েবসাইট সাধারণ ব্যবহারকারীদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
ছুটি শেষে রোববার সকাল ৮টায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট পুনরায় চালু হলেও জনতা ব্যাংকের ওয়েবসাইটে সন্দেহজনক কার্যক্রমের আলামত পাওয়ায় সেটি সচল করা সম্ভব হয়নি। নিরাপত্তাঝুঁকি দূর করে ওয়েবসাইটটি পুনরায় চালুর চেষ্টা চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এফপি/মিব