Dhaka, Sunday | 18 October 2026
         
English Edition
   
Epaper | Sunday | 18 October 2026 | English
শিরোনাম:

এজিএমের পরদিনই বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দিল ওয়ালটন হাই-টেক

‘১৮০ শতাংশ নগদ লভ্যাংশ বিতরণ করল ওয়ালটন হাই-টেক’

প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৫:৫২ পিএম  (ভিজিটর : ৬)
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

বার্ষিক সাধারণ সভার (এজিএম) পরদিনই বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে অনুমোদিত নগদ লভ্যাংশের অর্থ বিতরণ করেছে পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত দেশের প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

 ২০২৫-২৬ হিসাব বছরের জন্য প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের অনুমোদিত ১৮০ শতাংশ নগদ লভ্যাংশ দ্রুত বিতরণের মাধ্যমে প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সচিব মো. রফিকুল ইসলাম, এফসিএস জানান, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ বিপুলসংখ্যক সাধারণ শেয়ারহোল্ডার অংশ নেন।

সভায় শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ হিসাব বছরের জন্য পরিচালনা পর্ষদের প্রস্তাবিত ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেন। এজিএমের পরদিনই বিনিয়োগকারীদের সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে নগদ লভ্যাংশের অর্থ পাঠানো হয় বলে জানান কোম্পানি সচিব।

তিনি বলেন, ওয়ালটনের প্রযুক্তিগত উৎকর্ষ, প্রাতিষ্ঠানিক কর্মদক্ষতা, পরিচালনগত গতিশীলতা এবং শক্তিশালী তারল্য অবস্থানের কারণে অল্প সময়ের মধ্যে বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণ সম্ভব হয়েছে। এর মাধ্যমে দেশের পুঁজিবাজারে দ্রুত লভ্যাংশ বিতরণের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে প্রতিষ্ঠানটি।

কোম্পানি সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ হিসাব বছরের জন্য ওয়ালটন হাই-টেকের ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডাররা ১৮ টাকা নগদ লভ্যাংশ পেয়েছেন। পাশাপাশি প্রতি ১০টি সাধারণ শেয়ারের বিপরীতে একটি করে বোনাস শেয়ার পাবেন তাঁরা।

শেয়ারহোল্ডারদের অনুমোদিত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ হিসাব বছরে কোম্পানিটির মুনাফা হয়েছে ১ হাজার ১২৪ কোটি ৫৭ লাখ ৮ হাজার ৪৯৪ টাকা। আগের হিসাব বছরে এ মুনাফার পরিমাণ ছিল ১ হাজার ৩৬ কোটি ৬১ লাখ ৬০ হাজার ৩৬৩ টাকা।

আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৩৩ টাকা ৭৫ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৩১ টাকা ১১ পয়সা।

পুনর্মূল্যায়নসহ কোম্পানিটির মোট নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার ৭০৪ কোটি টাকা। পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বেড়ে হয়েছে ৩৮১ টাকা ২৬ পয়সা। অন্যদিকে, পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৮০ টাকা ২৪ পয়সা।

কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদিত ১০ শতাংশ স্টক লভ্যাংশের অর্থ কোম্পানির সংরক্ষিত আয় (রিটেইনড আর্নিংস) থেকে প্রদান করা হবে। পাশাপাশি চলমান গ্রিন এনার্জি সক্ষমতা সম্প্রসারণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং অন্যান্য আধুনিকায়ন ও সম্প্রসারণমূলক (বিএমআরই) কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝