প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে অংশ না নিতে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রীর জাপান সফরের কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে জানা গেছে, সম্প্রতি রাষ্ট্রদূত দাউদ আলীকে টোকিও থেকে ঢাকায় ফিরে আসার নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী তিনি ইতোমধ্যে দেশে ফিরেছেন এবং প্রায় এক সপ্তাহ ধরে ঢাকায় অবস্থান করছেন।
সূত্রটি জানায়, রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা তদারকির দায়িত্ব পালন করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম।
এ দায়িত্ব পালনের জন্য বুধবার (২১ অক্টোবর) তিনি টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। প্রধানমন্ত্রীর সফর শেষ না হওয়া পর্যন্ত তাঁর সেখানে অবস্থান করার কথা রয়েছে।
সরকারের একজন কর্মকর্তা জানান, কোনো উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় সফরের আগে সংশ্লিষ্ট দেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে ঢাকায় ফিরিয়ে আনার ঘটনা সচরাচর দেখা যায় না। তবে কী কারণে তাঁকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাতে পারেননি।
ওই কর্মকর্তা বলেন, রাষ্ট্রদূতকে দেশে ফিরে আসতে বলা হয়েছে এবং তিনি নির্দেশনা অনুযায়ী দেশে ফিরেছেন।
তবে রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রীর সফরে অংশ না নেওয়ার নির্দেশ দেওয়ার কারণ সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
এফপি/মিব