লোহিত সাগরের জুকার দ্বীপের কাছে একটি ভারতীয় জাহাজে সৌদি আরব বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হামলার পর জাহাজটি থেকে ১৪ ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে গোষ্ঠীটি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ দাবি করেন।
তিনি জানান, বাব এল-মান্দেব প্রণালির কাছে অবস্থান করা নৌযানটি থেকে ভারতীয় নাগরিকদের উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
কথিত বিমান হামলার সমালোচনা করে ইয়াহিয়া সারি বলেন, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড লোহিত সাগরে আন্তর্জাতিক নৌচলাচলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
তবে সৌদি আরবের পক্ষ থেকে কথিত হামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়ার তথ্য প্রতিবেদনে পাওয়া যায়নি। উদ্ধার করা ভারতীয় নাগরিকদের পরিচয় কিংবা তাঁদের বর্তমান অবস্থান সম্পর্কেও বিস্তারিত জানানো হয়নি।
দাম্মাম বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে ২
এদিকে সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, নিহত দুজনের মধ্যে একজন ভারতীয় এবং অপরজন সৌদি নাগরিক।
এর আগে বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় দাম্মামের বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালায় হুথিরা। তবে হামলায় ড্রোন নাকি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। অন্যদের আঘাত তুলনামূলকভাবে কম।
সূত্র: আলজাজিরা
এফপি/মিব