Dhaka, Thursday | 22 October 2026
         
English Edition
   
Epaper | Thursday | 22 October 2026 | English
শিরোনাম:

অভিন্ন ব্যানারে ঐক্যবদ্ধ হচ্ছে কওমি ঘরানার সাত দল

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৬:০৭ পিএম  (ভিজিটর : ৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নতুন কোনো রাজনৈতিক দল গঠন না করে ‘সমমনা ইসলামী দল’ নামে অভিন্ন ব্যানারে একসঙ্গে কার্যক্রম পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কওমি ঘরানার সাতটি সমমনা ইসলামী রাজনৈতিক দল। তবে ঐক্যপ্রক্রিয়ায় অংশ নেওয়া দলগুলো নিজেদের স্বতন্ত্র সাংগঠনিক পরিচয় বজায় রাখবে।


বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর খিলগাঁওয়ে মাখযানুল উলুম মাদরাসায় সাত দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্ত জানানো হয়।


সকাল ১০টায় শুরু হওয়া বৈঠক চলে দুপুর দেড়টা পর্যন্ত। এতে সাত দলের চলমান ঐক্যপ্রক্রিয়া, অভিন্ন ব্যানারে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা এবং ভবিষ্যৎ কর্মপন্থাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন নেতারা।


বৈঠকে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে নতুন কোনো রাজনৈতিক দল গঠন না করে ‘সমমনা ইসলামী দল’ নামটি অভিন্ন ব্যানার হিসেবে ব্যবহারের বিষয়ে একমত হন নেতারা। তবে সংশ্লিষ্ট দলগুলো নিজ নিজ সাংগঠনিক কাঠামো ও স্বতন্ত্র পরিচয় বজায় রেখেই এই ঐক্যপ্রক্রিয়ায় অংশ নেবে।


এ ছাড়া আগামী ৫ ডিসেম্বর পরবর্তী বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা হয়।


বৈঠকে বর্তমানে বিএনপি বা জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিকভাবে জোটবদ্ধ থাকা দলগুলোর এই ঐক্যপ্রক্রিয়ায় অংশগ্রহণের বিষয়েও আলোচনা হয়েছে। নেতারা নীতিগতভাবে একসঙ্গে কাজ করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দলগুলোর সঙ্গে আলোচনা ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়।


বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া।


এ ছাড়া খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন ও মাওলানা আহমদ আলী কাসেমি, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী এবং ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির ও মহাসচিব মুফতি শাখাওয়াত হোসেন রাজীসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতারা বৈঠকে অংশ নেন।


এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝