Dhaka, Friday | 2 October 2026
         
English Edition
   
Epaper | Friday | 2 October 2026 | English
শিরোনাম:

মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৭:০৮ পিএম আপডেট: ০২.১০.২০২৬ ৭:২৬ পিএম  (ভিজিটর : ২৯)

রাজধানীর ক্যান্টনমেন্টের বাসভবন থেকে জামায়াতে ইসলামীর নেতা ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির প্রধান মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়।

বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে মামলাটি করেন।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, ‘শুক্রবার তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলাটি হয়েছে। এ বিষয়ে আমরা তদন্ত করছি।’

মামলার এজাহারে অভিযোগ করা হয়, ব্যাপক যাত্রীচাপের কারণে বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে আসা একটি ফ্লাইটের (বিজি-৩৩৮) লাগেজ পেতে বিলম্ব হওয়ায় যাত্রীরা ক্ষুব্ধ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে এলে মেজর (অব.) আখতারুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া ও মারধরের হুমকি দেন। এমনকি তিনি বিমানমন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

আরও বলা হয়, আখতারুজ্জামানের সঙ্গীরা সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মেজর আখতারুজ্জামান তাকেও গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া তিনি সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলে দেন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি থেকে একাধিকবার বহিষ্কৃত হয়েছেন মেজর (অব.) আখতারুজ্জামান। ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝