Dhaka, Sunday | 13 September 2026
         
English Edition
   
Epaper | Sunday | 13 September 2026 | English
শিরোনাম:

ফ্যাসিস্টদের ষাটযন্ত্র রুখতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই: হুইপ দুলু

প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৫ পিএম আপডেট: ১৩.০৯.২০২৬ ৬:১৯ পিএম  (ভিজিটর : ১৬)
 জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত ‘বর্তমান সরকারের সফলতা’ শীর্ষক আলোচনা সভা

জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত ‘বর্তমান সরকারের সফলতা’ শীর্ষক আলোচনা সভা

বিগত ১৭ বছর ধরে চলা গুম, খুন, লুটপাট ও নির্যাতনের স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে ফ্যাসিস্টদের যেকোনো ষড়যন্ত্র রুখতে দেশের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

রবিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত ‘বর্তমান সরকারের সফলতা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দুলু বলেন, “যারা বিগত ১৭ বছরে ব্যাংকের টাকা লুট করে দেশকে ফোকলা করে পালিয়ে গেছে এবং হুমকি-ধামকি দিয়ে বর্তমান গণতান্ত্রিক ধারাকে বিঘ্নিত করতে চাইছে, তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে সকল গণতান্ত্রিক শক্তিকে এক হয়ে কাজ করতে হবে।”

বর্তমান সরকারের বিগত ছয় মাসের অর্জনের কথা তুলে ধরে হুইপ বলেন, এই সময়ে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম কিংবা ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেনি। প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো অতিরিক্ত প্রটোকল না নিয়ে সাধারণ মানুষের কাতারে এসে বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশকে একটি নিয়মের মধ্যে ফিরিয়ে আনতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এছাড়া বিদ্যুৎ ও গ্যাসের সাময়িক সংকট দ্রুত কাটবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. এছাহক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মাহমুদা হাবীবা এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত।

বিশেষ অতিথির বক্তব্যে মাহমুদা হাবীবা সরকারের জনকল্যাণমুখী পদক্ষেপগুলোর চিত্র তুলে ধরেন। অন্যদিকে, রমেশ দত্ত আগামী দিনের নতুন বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। আলোচনা সভায় দল ও ফোরামের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝