রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত কাজী আশরাফ এশিয়ান টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়ার বাসিন্দা ও কলেজ শিক্ষক মারুফ সামদানী।
ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, রবিবার সকালে কাজী আশরাফ মোটরসাইকেল চালিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকায় ঢাকা থেকে পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাজী আশরাফ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সহকারী মো. আক্তারুজ্জামান বলেন, দুর্ঘটনায় কাজী আশরাফের বাম হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া তার পা, মাথা ও বুকে গুরুতর আঘাত ছিল। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা সার্জেন্ট আজাদুর রহমান বলেন, দুর্ঘটনায় আহত কাজী আশরাফ ঢাকায় মারা গেছেন বলে শুনেছি। বাসটি ও মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে। বাসের চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এফপি/র