খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জু নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের পল্লীমঙ্গল মসজিদ ও মাদরাসাসংলগ্ন পুকুরের কচুরিপানা অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন।বৃহস্পতিবার সকালে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে পরিচালিত এ কার্যক্রম পরিদর্শন করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খুলনা সিটি ইউনিট এ কার্যক্রম বাস্তবায়ন করছে বলে জানানো হয়েছে।
এ ছাড়া মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বাড়াতে দিনব্যাপী বিশেষ সচেতনতামূলক সেশনের আয়োজন করা হয়। পাশাপাশি নগরীর বিভিন্ন এলাকায় জনসাধারণের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
ডেঙ্গুর সংক্রমণ কমাতে বাড়ির আশপাশ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সংস্থাটি নগরীতে মাইকের মাধ্যমে প্রচার- প্রচারণাও চালিয়ে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, রেড ক্রিসেন্ট সোসাইটির খুলনা সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এস. এম. আরিফুজ্জামান অপু, সেক্রেটারি শেখ সাদিকুন ইসলাম (মণি), কার্যনির্বাহী সদস্য আসাদুজ্জামান মুরাদ, হাফিজুর রহমান মনি, শাফায়েত আতিফ নিশো এবং ইউনিট লেভেল কর্মকর্তা ও ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোসা. রেক্সোনা খাতুনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এফপি/মিব