Dhaka, Thursday | 29 October 2026
         
English Edition
   
Epaper | Thursday | 29 October 2026 | English
শিরোনাম:

ঢাকায় ফুটপাত দখলমুক্ত রাখতে কঠোর অবস্থানে ডিএসসিসি প্রশাসক

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৬:১৪ পিএম  (ভিজিটর : ২৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে হকার বসানোর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, কোনো অজুহাতেই রাস্তা ও ফুটপাত অবৈধভাবে দখল করতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টা ও বিকেল সাড়ে ৩টায় রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট থেকে ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত দুই দফায় পরিচালিত উচ্ছেদ অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

অভিযানকালে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয় এবং বিভিন্ন মালামাল জব্দ করা হয়। ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়, অভিযানের মাধ্যমে জিরো পয়েন্ট থেকে ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।

অভিযান চলাকালে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন ডিএসসিসি প্রশাসক। বারবার উচ্ছেদ অভিযানের পরও হকাররা কীভাবে আবার ফিরে আসেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “যতবারই অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করা হবে, ততবারই আমরা নগরবাসীর স্বার্থে অভিযান চালাব। একাধিকবার আলোচনা, অনুরোধ ও সতর্ক করার মতো সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন থেকে অবৈধভাবে বসলে মালামাল জব্দ এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা হচ্ছে—এমন অভিযোগের বিষয়ে প্রশাসক বলেন, “গণমাধ্যমের কাছে অনুরোধ, এমন কোনো প্রশ্ন করবেন না, যাতে অবৈধ দখলকারীরা উৎসাহিত হয়। ঢাকার নাগরিকরা কী চান এবং দেশের সাধারণ মানুষের দাবি কী, দয়া করে সে অনুযায়ী জনমত গড়ে তুলুন। সারা দেশের বাস্তুচ্যুত মানুষের দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিতে পারবে না।”

তিনি আরও বলেন, “জনগণের চলাচলে বিঘ্ন না ঘটিয়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্টসংখ্যক হকারকে বসার সুযোগ দেওয়া যেতে পারে। বাকিদের নিজ নিজ জেলায় ফিরে যেতে হবে। এই ঢাকাকে আমাদের বাঁচাতে হবে; এর কোনো বিকল্প নেই।”

উচ্ছেদ অভিযান চলাকালে উপস্থিত কয়েকজন পথচারী স্বস্তি প্রকাশ করেন। তাঁরা ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখার এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝