রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অগ্নিকাণ্ডে তিনটি টিনের ঘর পুড়ে গেছে। এ ঘটনায় একটি গরু, ৬০ মণ ধান, পেঁয়াজের গুটি, চাল, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তাহের কাজীপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে আছর মোল্লা ও সিরাজুল মোল্লার তিনটি টিনের ঘর পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে ঘরগুলোর ভেতরে সংরক্ষিত ৬০ মণ ধান, একটি গরু, পেঁয়াজের গুটি, চাল, স্বর্ণালংকার, আসবাবপত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পুড়ে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিসের টিম লিডার মো. ইয়াহিয়া অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘর অথবা বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।
এফপি/মিব