Dhaka, Thursday | 29 October 2026
         
English Edition
   
Epaper | Thursday | 29 October 2026 | English
শিরোনাম:

কাউনিয়ায় ২৪০ কেজি মেয়াদোত্তীর্ণ ফিড জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৪:৪১ পিএম  (ভিজিটর : ৮৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রংপুরের কাউনিয়ায় মেয়াদোত্তীর্ণ গবাদিপশু, হাঁস-মুরগি ও মাছের খাদ্য মজুত এবং বৈধ ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে দুই ফিড ব্যবসায়ীকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২৪০ কেজি মেয়াদোত্তীর্ণ পশু ও মাছের খাদ্য জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার টেপামধুপুর ও ভায়ারহাট বাজারে অভিযান চালিয়ে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা।

অভিযানে টেপামধুপুর বাজারের শফিকুল ফিড স্টোরে বৈধ ট্রেড লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শফিকুল ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, ভায়ারহাট বাজারে সজল কুমার মিত্রের দোকানে গরু, মুরগি ও মাছের মেয়াদোত্তীর্ণ খাদ্য মজুত এবং বৈধ ট্রেড লাইসেন্স না থাকায় তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তাঁর দোকান থেকে ১২ বস্তায় মোট ২৪০ কেজি মেয়াদোত্তীর্ণ ফিড জব্দ করা হয়।

অভিযানকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এআরএম আল মামুনসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।

ইউএনও পাপিয়া সুলতানা জানান, মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী মজুত ও বিক্রি এবং বৈধ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে মৎস্য খাদ্য ও পশুখাদ্য- সংক্রান্ত আইনে জরিমানা করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

তিনি আরও জানান, ভেজাল পণ্যবিরোধী অভিযান ও বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য সরবরাহ এবং কৃত্রিম সংকট সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।  পরে জব্দ করা মেয়াদোত্তীর্ণ ফিড মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝