দুর্গাপূজা ও লক্ষ্মীপূজার ছুটি শেষে আজ খুলছে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসা। টানা ১০ দিনের ছুটি শেষে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও শুরু হচ্ছে নিয়মিত পাঠদান।
তবে সরকারি-বেসরকারি কলেজগুলোতে ছুটি থাকছে আরও কয়েক দিন। কলেজে নিয়মিত ক্লাস শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সরকারের নির্বাহী আদেশে ঘোষিত ছুটি মিলিয়ে গত ১৮ অক্টোবর থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসায় ছুটি শুরু হয়। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল।
গত ২২ অক্টোবর ছুটি শেষ হওয়ার কথা থাকলেও পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর রোববার লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। ফলে শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১০ দিনের ছুটি কাটানোর সুযোগ পান। ছুটি শেষে আজ থেকে আবারও শুরু হচ্ছে শ্রেণিকক্ষের কার্যক্রম।
অন্যদিকে, সরকারি-বেসরকারি কলেজগুলোতে ছুটি শুরু হয় গত ১৮ অক্টোবর। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে দেওয়া এ ছুটি শেষ হবে আগামী ২৯ অক্টোবর।
এরপর ৩০ ও ৩১ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কলেজগুলো খুলবে ১ নভেম্বর রোববার। ওই দিন থেকে সরকারি-বেসরকারি কলেজগুলোতে যথারীতি ক্লাস শুরু হবে।
এফপি/অ