পুরান ঢাকায় অগ্নিকাণ্ডের ঝুঁকি কমানো, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং ঐতিহ্যবাহী ব্যবসায়িক পরিবেশ ফিরিয়ে আনতে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
রোববার (২৫ অক্টোবর) রাজধানীর চকবাজারে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে অগ্নিনিরাপত্তা ও নাগরিক সুবিধা নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আসন্ন শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলা, অগ্নিনিরাপত্তা জোরদার এবং সম্ভাব্য দুর্ঘটনা প্রতিরোধে ব্যবসায়ীদের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ডিএসসিসি এ সভার আয়োজন করে।
ডিএসসিসি প্রশাসক বলেন, ‘পুরান ঢাকা একটি ঘনবসতিপূর্ণ ও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অঞ্চল। অতীতে কেমিক্যালের কারণে এখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাই প্রতিটি মার্কেট ও বাণিজ্যিক ভবনে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্ঘটনার সময় ফায়ার সার্ভিসের দ্রুত প্রবেশের পথ উন্মুক্ত রাখা জরুরি।’
তিনি বলেন, পুরান ঢাকার অনেক সড়ক দোকানপাট ও অবৈধ দখলের কারণে সংকুচিত হয়ে পড়েছে। এতে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার সময় উদ্ধারকাজ পরিচালনায় প্রতিবন্ধকতা তৈরি হয়। এ পরিস্থিতির উন্নয়নে প্রশাসন, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পুরান ঢাকার নাগরিক সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে আবদুস সালাম বলেন, ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশন ও সড়কের সমস্যা নিরসনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি সড়কবাতি সচল রাখা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের মাধ্যমে এলাকার পরিবেশ উন্নয়নে কাজ করবে সিটি করপোরেশন।
তিনি জানান, পুরান ঢাকার সামগ্রিক উন্নয়নে নেওয়া পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও আলোচনা হয়েছে।
মৌলভীবাজার, চকবাজার, সোয়ারীঘাট ও সদরঘাটের ঐতিহ্যবাহী ব্যবসায়িক পরিবেশ ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘শুধু সমস্যার কথা না বলে সমাধানের পরামর্শও দিন। আপনাদের সুচিন্তিত মতামতকে প্রাধান্য দিয়ে আমরা পরিকল্পনা গ্রহণ করব।’
এ ছাড়া নির্বাচিত কাউন্সিলর না থাকায় নগরের সামাজিক ও নাগরিক সমস্যা সমাধানে পুরান ঢাকার ঐতিহ্যবাহী পঞ্চায়েত ব্যবস্থা ফিরিয়ে আনার ওপরও গুরুত্ব দেন তিনি।
সভায় ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা বিধিমালা মেনে চলা, অগ্নিনির্বাপণ সরঞ্জাম সচল রাখা এবং বিদ্যুৎ ও গ্যাসলাইন নিয়মিত পরীক্ষা করার অনুরোধ জানানো হয়। একই সঙ্গে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতারা এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এফপি/মিব