Dhaka, Saturday | 17 October 2026
         
English Edition
   
Epaper | Saturday | 17 October 2026 | English
শিরোনাম:

ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা জরুরি: ডিএসসিসি প্রশাসক

প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১১:৫৯ এএম  (ভিজিটর : ৭)

ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। 

শুক্রবার (১৬ অক্টোবর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধের ৮০ শতাংশই জনসচেতনতার ওপর নির্ভর করে। তবে সরকারের দায়িত্বও অস্বীকার করার সুযোগ নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জাতীয় কর্মসূচি ঘোষণা করেছেন এবং নিয়মিত মনিটরিং করছেন। প্রধানমন্ত্রী যেকোনো সময় হাসপাতাল ও আবাসিক এলাকায় যেতে পারেন, এমন নির্দেশনার পর পরিচ্ছন্নতা কার্যক্রম ও ময়লা সংগ্রহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

পলিথিনের যত্রতত্র ব্যবহার জলাবদ্ধতা তৈরি করে উল্লেখ করে নগরবাসীকে ময়লা ফেলার বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। ডেঙ্গুবিরোধী অভিযানে আদায়কৃত অর্থ ডেঙ্গুতে মৃত ব্যক্তিদের পরিবারকে অনুদান হিসেবে দেওয়ার একটি প্রস্তাব তিনি সানন্দে গ্রহণ করেন এবং বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাবেন বলে জানান। এ ছাড়া, ডেঙ্গুর ভ্যাকসিন বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য হলে তা আমদানির প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের কথাও বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ডেঙ্গুতে আক্রান্ত নিম্ন ও মধ্য আয়ের মানুষ চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে। রোগীর তুলনায় চিকিৎসাসুবিধা বাড়ানোর পাশাপাশি বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য হলে ডেঙ্গুর ভ্যাকসিন আমদানির উদ্যোগ নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

‘ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের চেয়ে নাগরিক সচেতনতা অধিক গুরুত্বপূর্ণ’ শীর্ষক এই বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং বিরোধী দল হিসেবে কবি নজরুল সরকারি কলেজের বিতার্কিকেরা অংশ নেন। প্রতিযোগিতায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বিজয়ী হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে ট্রফি ও সনদ বিতরণ করা হয়।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝