Dhaka, Thursday | 15 October 2026
         
English Edition
   
Epaper | Thursday | 15 October 2026 | English
শিরোনাম:

সেতু কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যান ২০৫০ হালনাগাদের নির্দেশ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১২:৩১ পিএম  (ভিজিটর : ১০)

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যান ২০৫০ হালনাগাদ, বাস্তবায়নযোগ্য প্রকল্পের অগ্রাধিকার নির্ধারণ এবং সম্ভাব্য অর্থায়নের উৎস চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

বুধবার (১৪ অক্টোবর) সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যান পর্যালোচনা ও বাস্তবায়নযোগ্য প্রকল্পের অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

মোহাম্মদ আবদুর রউফ বলেন, নতুন সরকারের উন্নয়ন-অভিপ্রায়ের সঙ্গে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, মেধা, মনন ও অভিজ্ঞতার সমন্বয় ঘটাতে হবে। সরকারের নির্বাচনী ইশতেহার ও উন্নয়ন অগ্রাধিকার বিবেচনায় নিয়ে প্রকল্প গ্রহণ করতে হবে, যাতে সেগুলো দেশের সামগ্রিক উন্নয়নে কার্যকর অবদান রাখতে পারে।

তিনি বলেন, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ পদ্মা ও যমুনা সেতুর মতো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছে। তবে কর্ণফুলী টানেলের মতো কিছু প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ চিহ্নিত করে সমন্বিত উদ্যোগের মাধ্যমে তা মোকাবিলা করতে হবে।

আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতামূলক উদ্যোগ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) এবং সাসেক প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে চলমান প্রকল্প বাস্তবায়ন ও নতুন প্রকল্প গ্রহণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেন তিনি। পাশাপাশি উন্নয়ন সহযোগীদের অর্থায়ন এবং বিদ্যমান তহবিলের কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

ঢাকায় এলিভেটেড ইনার সার্কুলার রোডের (ইস্ট-ওয়েস্ট) সম্ভাবনা ও বাস্তবায়ন-সংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথভাবে পর্যালোচনার নির্দেশ দেন সেতু সচিব। এ ছাড়া হাওর অঞ্চলে সমন্বিত যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার সম্ভাবনা যাচাইয়ে সমীক্ষা পরিচালনা এবং প্রয়োজনে বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের সহায়তায় পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরির কথা বলেন তিনি।

কর্মকর্তা-কর্মচারীদের মেধা, দক্ষতা ও শ্রম কাজে লাগিয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে আরও কার্যকর ও গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বাস্তবায়নযোগ্য প্রকল্পের অগ্রাধিকার নির্ধারণ, অর্থায়নের উৎস চিহ্নিতকরণ এবং বিভিন্ন সংস্থার দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে সময়োপযোগী মাস্টারপ্ল্যান প্রণয়নের নির্দেশ দেন।

কর্মশালায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক আলতাফ হোসেন সেখ মাস্টারপ্ল্যান হালনাগাদ ও সম্ভাব্য অর্থায়নের উৎস অনুসন্ধানে পৃথক দল গঠনের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় মাস্টারপ্ল্যান হালনাগাদ, উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রকল্প নির্বাচন ও বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝