Dhaka, Tuesday | 13 October 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 13 October 2026 | English
শিরোনাম:

ডেসকো আনসার গার্ডে রান্না ও সুপেয় পানির সমস্যা সমাধান

প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১০:৪০ এএম  (ভিজিটর : ১৭)

ঢাকার মিরপুরে ডেসকো আনসার গার্ডের সদস্যদের দীর্ঘদিনের রান্না ও সুপেয় পানির সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় গার্ডটিতে নতুন গ্যাসের চুলা ও পানির ফিল্টার স্থাপন করা হয়েছে। পাশাপাশি সদস্যদের আবাসন সমস্যা সমাধানেও উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ১১ অক্টোবর ঢাকা মহানগর আনসারের পরিচালক ও পশ্চিম জোনের জোন কমান্ডার ডেসকো আনসার গার্ড পরিদর্শন করেন। এ সময় তাঁরা দায়িত্ব পালনরত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের আবাসন, রান্নাঘর ও স্বাস্থ্যসম্মত পানির ব্যবস্থাসহ বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। সদস্যদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে গার্ডটিতে ৩৫ কেজি ধারণক্ষমতার গ্যাস সিলিন্ডারসহ একটি নতুন গ্যাসের চুলা স্থাপন করা হয়েছে। এ ছাড়া সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে ৬০ লিটার ধারণক্ষমতার একটি ইলেকট্রিক পানির ফিল্টার বসানো হয়েছে। একই সঙ্গে আবাসন সমস্যার সমাধানে গার্ডটিকে দুটি ভাগে বিভক্ত করার প্রক্রিয়া চলছে।

চলতি বছরের ১ জানুয়ারি কার্যক্রম শুরু করা ডেসকো আনসার গার্ডে বর্তমানে দুইজন প্লাটুন কমান্ডার, একজন সহকারী প্লাটুন কমান্ডার ও ৫৫ জন আনসার সদস্যসহ মোট ৫৮ জন সদস্য দায়িত্ব পালন করছেন। তাঁরা ডেসকো প্রাইভেট কোম্পানি লিমিটেডের আটটি পয়েন্ট ও উপকার্যালয়ে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

সদস্যদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার এ উদ্যোগ তাঁদের দৈনন্দিন জীবনযাত্রায় স্বস্তি ফেরানোর পাশাপাশি দায়িত্ব পালনে সহায়ক পরিবেশ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

দীর্ঘদিনের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ায় ডেসকো আনসার গার্ডের সদস্যরা মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের মতে, সদস্যদের কল্যাণ ও বাস্তব সমস্যার প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মনোযোগ কর্মপরিবেশের উন্নয়নের পাশাপাশি দায়িত্ব পালনে আত্মবিশ্বাস ও মনোবল বাড়াতে ভূমিকা রাখে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সদস্যদের আবাসন, সুপেয় পানি ও অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা উন্নয়নে এ ধরনের উদ্যোগ বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক। কর্মপরিবেশ উন্নয়নের মাধ্যমে সদস্যদের মনোবল বাড়ানো এবং দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করাও এসব উদ্যোগের লক্ষ্য।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝