Dhaka, Monday | 12 October 2026
         
English Edition
   
Epaper | Monday | 12 October 2026 | English
শিরোনাম:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই দুর্ঘটনা, তরুণ নিহত

প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৮:৪৯ পিএম আপডেট: ১২.১০.২০২৬ ৮:৫৪ পিএম  (ভিজিটর : ১৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই দিনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। 


সোমবার (১২ অক্টোবর) সকালে মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের সংঘর্ষের পর অজ্ঞাতনামা একটি গাড়ির চাপায় ফারদিন (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় মিঠু (২২) নামে আরও একজন আহত হয়েছেন। 


একই দিন বিকেলে এক্সপ্রেসওয়ের ছনবাড়ী এলাকায় বাস ও টাইলসবোঝাই ট্রাকের সংঘর্ষে কয়েকজন যাত্রী সামান্য আহত হন।


মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, সোমবার সকাল ১০টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় দুর্ঘটনার খবর পায় শ্রীনগর ফায়ার স্টেশন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।


প্রাথমিক তথ্যমতে, একই দিকে চলাচলকারী একটি মোটরসাইকেলকে স্বাধীন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে মোটরসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে পড়েন। এ সময় অজ্ঞাতনামা একটি গাড়ি তাঁদের চাপা দিলে দুজনই গুরুতর আহত হন।


পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত দুজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহত ফারদিনের বাবার নাম মিলন। তিনি শ্রীনগর উপজেলার দেউলভোগ এলাকার বাসিন্দা। অপর আহত মিঠু উপজেলার বাঁশপট্টি এলাকার বাসিন্দা।


উন্নত চিকিৎসার জন্য দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ঢাকায় নেওয়ার পথে ফারদিনের মৃত্যু হয়।


এদিকে, একই দিন বিকেল ৫টা ৫৫ মিনিটে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে শ্রীনগরের ছনবাড়ী এলাকায় দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে।


ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, দ্রুতগতির কারণে স্টার এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা টাইলসবোঝাই একটি ধীরগতির ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হন। পরে তাঁরা অন্য গাড়িতে করে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হন।

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝