প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৭:৫১ পিএম (ভিজিটর : ৩৯)
বৈচিত্র্যময় নাচ-গান আনন্দ ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬।
রোববার (১১ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ণীল এ টুর্নামেন্টের উদ্বোধন করেন খাগড়াছড়ির সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভুইয়া বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
বিশ্বের দরবারে বাংলাদেশকে উপস্থাপন করতে পাহাড়ি জনপদ খাগড়াছড়িতে একটি নারী ফুটবল একাডেমি প্রতিষ্ঠা করার ঘোষণা দেন তিনি।
এর আগে জাতীয় পতাকা উত্তোলন, রঙবেরঙের বেলুন ও শান্তির পায়রা কবুতর উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা এবং সাবেক এমপি যতীন্দ্র লাল ত্রিপুরাসহ প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মানিকছড়ি সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব ও মাটিরাঙ্গা পৌরসভা একাদশ। টুর্নামেন্টে মোট ৯টি দল অংশ নিচ্ছে।