Dhaka, Thursday | 8 October 2026
         
English Edition
   
Epaper | Thursday | 8 October 2026 | English
শিরোনাম:

উচ্ছেদকৃত মাদকের আড্ডায় ১ মাসের মধ্যে হবে খেলার মাঠ: ডিএসসিসি প্রশাসক

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৩:০৯ পিএম  (ভিজিটর : ১৮)

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৪৭ নম্বর ওয়ার্ডস্থ ফরিদাবাদ আইজি গেট এলাকায় উচ্ছেদকৃত জায়গায় আগামী এক মাসের মধ্যে খেলার মাঠ নির্মাণের ঘোষণা দিয়েছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর ফরিদাবাদ সংলগ্ন বাংলাদেশ ব্যাংক কলোনি এলাকায় বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, ফুটপাত ও রাস্তার উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ডিএসসিসি প্রশাসক বলেন, দীর্ঘ ৪৮ থেকে ৫০ বছর ধরে সরকারি জায়গাটি দখল করে অবৈধ বস্তি গড়ে তোলা হয়েছিল, যা এলাকার চিহ্নিত মাদকের আড্ডা ও বিক্রির কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। উচ্ছেদের পর এই দীর্ঘদিনের ‘বিষফোঁড়া’ থেকে এলাকাটি মুক্ত হয়েছে। এখন সেখানে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ এবং সংলগ্ন এলাকায় একটি নতুন রাস্তা নির্মাণ করা হবে। জায়গা পর্যাপ্ত থাকলে সেখানে একটি কমিউনিটি সেন্টার নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও জানান, ১ মাস পরেই তিনি নতুন নির্মিত এই খেলার মাঠ উদ্বোধন করবেন। এই সফল উচ্ছেদ অভিযানে সহযোগিতার জন্য তিনি ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামিসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

এলাকার তরুণ সমাজ ও স্থানীয় অধিবাসীদের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মো. আবদুস সালাম বলেন, “মাদকমুক্ত এলাকা গড়তে পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করতে হবে। প্রশাসন ভালো চাইলে এবং এলাকার মানুষ ঐক্যবদ্ধ হলে অনেক অসম্ভব কাজও করা সম্ভব।” পাশাপাশি তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের পাশে থেকে কাজ করার জন্য বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের নির্দেশ দেন।

উন্নয়ন কাজের চিত্র তুলে ধরে প্রশাসক জানান, বর্তমানে ৪৭ নম্বর ওয়ার্ডে ১১ কোটি টাকার কাজ চলমান রয়েছে এবং নতুন করে আরও ৪ কোটি টাকার কাজ অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ, এই একটি ওয়ার্ডেই মোট ১৫ কোটি টাকার উন্নয়ন কাজ চলছে।

পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক উচ্ছেদকৃত স্থানে নিজ হাতে বৃক্ষরোপণ করেন এবং বাংলাদেশ ব্যাংক কলোনিতে লার্ভিসাইডিং (মশার লার্ভা ধ্বংস) কার্যক্রমে অংশ নেন। এসময় তিনি ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও ৩ দিনের বেশি পানি জমতে না দেওয়ার উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমান, ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামিসহ সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝