Dhaka, Friday | 2 October 2026
         
English Edition
   
Epaper | Friday | 2 October 2026 | English
শিরোনাম:

সিভিল এভিয়েশন বিষয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রথমবার প্রশিক্ষণ

প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৫:৫৯ পিএম  (ভিজিটর : ১০)

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সিভিল এভিয়েশন বিষয়ে মৌলিক ও সমন্বিত ধারণা দিতে প্রথমবারের মতো ‘সিভিল এভিয়েশন বিষয়ে প্রাথমিক প্রশিক্ষণ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান সিভিল এভিয়েশন একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ কর্মসূচিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ২৭ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর, ২৫ ও ২৬ সেপ্টেম্বর এবং ২ অক্টোবর—মোট পাঁচ দিন এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. জুলকার নায়নসহ বেবিচকের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে বেসামরিক বিমান চলাচল নীতি ও কার্যপদ্ধতি, উড্ডয়ন নিরাপত্তা ও বিধিবিধান, বিমান নিরাপত্তা, আকাশ পরিবহন অর্থনীতি এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) কার্যক্রম ও আন্তর্জাতিক বাধ্যবাধকতাসহ সিভিল এভিয়েশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

এ ছাড়া বিমানবন্দর পরিচালনা ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা দিতে প্রশিক্ষণার্থীদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, বিমান চলাচল ব্যবস্থাপনা কেন্দ্র, বিমান পার্কিং এলাকা ও অগ্নিনির্বাপণ কেন্দ্র পরিদর্শন করানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, সিভিল এভিয়েশন সম্পর্কে মন্ত্রণালয় ও বেবিচকের কর্মকর্তাদের সমন্বিত জ্ঞান ও অভিন্ন ধারণা পারস্পরিক সমন্বয় জোরদারের পাশাপাশি দেশের এভিয়েশন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মাহাবুব আলম বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে মন্ত্রণালয়ের কর্মকর্তারা সিভিল এভিয়েশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বাস্তব ও সমন্বিত ধারণা অর্জন করেছেন। এ জ্ঞান তাঁদের দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়ন ও বিকাশে আরও কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে।

সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দক্ষতা ও জ্ঞান আরও সমৃদ্ধ হবে। একই সঙ্গে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার মানদণ্ড ও সুপারিশমালার আলোকে বাংলাদেশের সিভিল এভিয়েশন খাতের উন্নয়ন ও বিকাশে তাঁরা আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝