ঢাকার পোস্তগোলা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার টাকা মূল্যের শুল্ক ফাঁকি দিয়ে আনা ২ হাজার ৩১০ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ একজনকে আটক করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পোস্তগোলা ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি দল।
অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় কাভার্ড ভ্যান থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২ হাজার ৩১০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। জব্দ করা শাড়ির আনুমানিক মূল্য ৪ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার টাকা।
এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে চোরাচালানের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দ করা ভারতীয় শাড়ি ও কাভার্ড ভ্যান বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এফপি/অ