ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে ১২ দিনব্যাপী বর্ষাকালীন লার্ভা জরিপ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
রোববার (২৭ সেপ্টেম্বর) শুরু হওয়া এ জরিপ চলবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত। সোমবার নগর ভবনে আনুষ্ঠানিকভাবে জরিপের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।
জরিপে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের প্রতিটিতে দৈবচয়নের ভিত্তিতে ৩০টি করে মোট ২ হাজার ২৫০টি বাড়ি থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
ডিএসসিসি জানিয়েছে, জরিপের মাধ্যমে করপোরেশনের ১০টি অঞ্চলের কোন কোন এলাকায় এডিস মশার প্রাদুর্ভাব বেশি এবং মশার লার্ভার প্রধান উৎসগুলো কী—তা চিহ্নিত করা হবে।
জরিপে ডিএসসিসি ও স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার ৭২ জন মাঠকর্মী অংশ নিচ্ছেন। তথ্য সংগ্রহ ও সংরক্ষণে ব্যবহার করা হচ্ছে 'কোবো টুলবক্স' অ্যাপ্লিকেশন।
জরিপ শেষে ব্রেটু ইনডেক্স (বিআই), হাউস ইনডেক্স (এইচআই), কনটেইনার ইনডেক্স (সিআই) ও পিউপা ইনডেক্স (পিআই) নির্ধারণ করা হবে।
ডিএসসিসির তথ্য অনুযায়ী, ব্রেটু ইনডেক্সের ভিত্তিতে এলাকাগুলোকে তিন ধরনের ঝুঁকিতে ভাগ করা হবে। বিআই ২০ বা তার বেশি হলে এলাকাকে ঝুঁকিপূর্ণ, ১০ থেকে ১৯ হলে মাঝারি ঝুঁকিপূর্ণ এবং ১০-এর নিচে হলে সাধারণ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হবে।
জরিপের ফলাফলের ভিত্তিতে চিহ্নিত হটস্পটগুলোতে পরিচ্ছন্নতা অভিযান, লার্ভিসাইড প্রয়োগ ও বিশেষ ক্র্যাশ প্রোগ্রামসহ মশক নিধন কার্যক্রম জোরদার করা হবে।
'বৈজ্ঞানিক পদ্ধতিতে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা জরুরি'
জরিপ উদ্বোধনকালে ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে বৈজ্ঞানিক পদ্ধতিতে এডিস মশার প্রজননস্থল ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।
তিনি বলেন, ‘এই জরিপ ডিএসসিসির বর্তমান পরিস্থিতির একটি নির্ভুল চিত্র দেবে, যার ওপর ভিত্তি করে আমরা কার্যকর ব্যবস্থা নেব।’
প্রশাসক বলেন, আগের প্রাক্-বর্ষা জরিপে বাসাবাড়ি ও আঙিনায় জমে থাকা পানিকে এডিস মশার প্রধান প্রজননক্ষেত্র হিসেবে পাওয়া গেছে। তাই ছাদ, বারান্দা, নির্মাণাধীন ভবন ও আশপাশের স্থান জমে থাকা পানি থেকে মুক্ত রাখতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে পরিচালিত বর্ষাপূর্ব জরিপে ডিএসসিসির ৬৩টি ওয়ার্ডে লার্ভার ঘনত্ব নির্ধারিত সূচকের চেয়ে বেশি পাওয়া যায়। এর মধ্যে ২৭টি ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছিল। ওই জরিপের ফলাফলের ভিত্তিতে এসব এলাকায় ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করে ডিএসসিসি।
জরিপ উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, সচিব মো. মশিউর রহমান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এফপি/অ