শারদীয় দুর্গোৎসবকে ঘিরে শরীয়তপুরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। জেলার বিভিন্ন এলাকায় পূজামণ্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরির কাজ। কোথাও মাটির প্রলেপ দেওয়া, কোথাও কাঠ ও বাঁশের কাঠামো তৈরি, আবার কোথাও চলছে প্রতিমায় রং ও সাজসজ্জার কাজ। শেষ মুহূর্তে প্রতিমাগুলোকে পূর্ণাঙ্গ রূপ দিতে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা।
এ বছর শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলায় মোট ১০২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি চলছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে এরই মধ্যে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বাড়তে শুরু করেছে। পূজার দিনগুলো আনন্দমুখর করে তুলতে পরিবার-পরিজন নিয়ে নানা প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন তারা।
সরেজমিনে জেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, প্রতিমা তৈরির কারিগররা কেউ প্রতিমার কাঠামো নির্মাণ, কেউ মাটির প্রলেপ দেওয়া আবার কেউ রং ও অলংকরণের কাজে ব্যস্ত রয়েছেন। পাশাপাশি মণ্ডপের সাজসজ্জা, আলোকসজ্জা, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ অন্যান্য আনুষঙ্গিক কাজও এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ করতে কারিগরদের ব্যস্ততা এখন বেড়েছে কয়েকগুণ।
প্রতিমা তৈরির কারিগর গৌতম রায় বলেন, দুর্গাপূজার আগে প্রতিমা তৈরির কাজ শেষ করতে তারা ব্যস্ত সময় পার করছেন। প্রতিমার কাঠামো তৈরি থেকে শুরু করে মাটির কাজ, শুকানো, রং ও সাজসজ্জার প্রতিটি ধাপ শেষ করতে নির্ধারিত সময়ের মধ্যে কাজ করতে হচ্ছে।
আরেক কারিগর হিল্লোল মন্ডল বলেন, প্রতিমা তৈরির কাজ অনেক আগে থেকেই শুরু হয়েছে। এখন শেষ মুহূর্তের কাজ চলছে। সময়মতো প্রতিমা মণ্ডপে পৌঁছে দিতে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন।
এদিকে পূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা নজরদারি বাড়ানো হয়েছে। পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকেও জেলার পূজামণ্ডপগুলো সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি যেকোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ রয়েছে।
শরীয়তপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত ঘটক চৌধুরী বলেন, জেলার প্রতিটি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে মাঠে কাজ শুরু করেছে। পূজামণ্ডপগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে
সনাতন ধর্মাবলম্বীরা জানান, দুর্গাপূজা শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি তাদের কাছে আনন্দ, উৎসব ও মিলনেরও উপলক্ষ। তাই পূজার দিনগুলোতে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ প্রত্যাশা করছেন তারা।
এফপি/অ