সাতক্ষীরায় পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টের অভিযানে দুটি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া আরও একটি ইটভাটার কার্যক্রম শুরু না করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের উদ্যোগে এবং খুলনা বিভাগীয় কার্যালয়ের নেতৃত্বে জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সদর উপজেলার ফিংড়ি এলাকায় অবস্থিত মেসার্স জামান ব্রিকস ও মেসার্স রকি ব্রিকস নামের দুটি ফিক্সড চিমনিবিশিষ্ট ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া মেসার্স বিনেরপোতা ব্রিকস নামের একটি জিগজ্যাগ ইটভাটার কার্যক্রম শুরু না করার নির্দেশ দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফুর রহমান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন একই কার্যালয়ের পরিদর্শক মো. আশরাফ আলী। এ সময় পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশদূষণ রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এফপি/মিব