চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫৫০টি ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুর চণ্ডীতলায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৭টা ২৫ মিনিটে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গড়াইপাড়া গ্রামে রমজান আলীর রাইস মিলের দক্ষিণ পাশে পাকা সড়কে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। উপপরিদর্শক (নিরস্ত্র) মো. ফয়সাল হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৫৫০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চরবাগডাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কটাপাড়া গ্রামের মৃত এনামুল হকের ছেলে মো. আব্দুল হাকিম ওরফে মানিকুল (৩৮) এবং একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছোট গোঠাপাড়া গ্রামের মো. ইসাহাকের ছেলে মো. শিহাব উদ্দীন (২২)।
অন্যদিকে, একই দিন বেলা ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুর চণ্ডীতলায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের একটি দল। এ সময় ২ কেজি গাঁজা ও গাঁজা পরিমাপের কাজে ব্যবহৃত একটি ডিজিটাল নিক্তিসহ মো. সুহাগ আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত মহেব আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. হেলাল উদ্দীন বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
অন্যদিকে, গ্রেপ্তার দুই ইয়াবা কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।
এফপি/মিব