চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) চলতি বছরের প্রথম ১০ মাসে (১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর ২০২৬) ৮ কোটি ২৩ লাখ ৪৪ হাজার ৪৩১ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে। এ সময় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে আটক করা হয়েছে।
৫৩ বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার দৈর্ঘ্য ৫৪ দশমিক ০৫ কিলোমিটার। এ সময়ে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড গুলি ও ১৯টি ককটেল জব্দ করা হয়।
জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১ দশমিক ৯৬০ কেজি হেরোইন, ৫ হাজার ৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ, ৩ হাজার ৫০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট, ৬৭৭ বোতল বিদেশি মদ, ২৮৯ বোতল ফেনসিডিল এবং ১৬১ পিস ইয়াবা। এ ছাড়া চোরাচালানবিরোধী অভিযানে ৩২৬টি গবাদিপশু, ৩৮৫টি মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ বিড়ি, বিড়ির পাতা ও মসলা জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, মাদক, অস্ত্র, মানবপাচার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি ড্রোন, সার্চলাইট ও অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে স্থানীয় প্রশাসন, গণমাধ্যমকর্মী ও সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সহযোগিতা কামনা করেছে ৫৩ বিজিবি।
এফপি/মিব