খুলনার পাইকগাছায় পুশবিরোধী বিশেষ অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আনুমানিক ১০ কেজি চিংড়ি বিনষ্ট করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা এলাকায় মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনের আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এ সময় বাংলাদেশ নৌ পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রির প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট চার ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষা ও মৎস্যপণ্যের গুণগত মান বজায় রাখার স্বার্থে আনুমানিক ১০ কেজি চিংড়ি বিনষ্ট করা হয়।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, চিংড়িতে অপদ্রব্য পুশ প্রতিরোধ, নিরাপদ মৎস্যপণ্য নিশ্চিতকরণ এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এফপি/মিব