চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁদলাই জোড়বাগান মোড়ে অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইনসহ মো. লালচাঁন ওরফে আশা (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর মডেল থানাধীন চাঁদলাই জোড়বাগান মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) পলাশ অধিকারী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় লালচাঁন ওরফে আশাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার লালচাঁন ওরফে আশা চাঁদলাই জোড়বাগান এলাকার মৃত শফিকুল আলম ও শেফালী বেগমের ছেলে। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস দিয়েছে পুলিশ।
এফপি/মিব