Dhaka, Tuesday | 24 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 24 November 2026 | English
শিরোনাম:

আনসার-ভিডিপির প্রশিক্ষণে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ

প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:২২ পিএম  (ভিজিটর : ২৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সদস্যদের স্বাবলম্বী করে তুলতে বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের আনসার-ভিডিপি আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার-২০২৬’। মঙ্গলবার (২৪ নভেম্বর) আয়োজিত এ কর্মসংস্থান মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৬৫৫ জন আনসার ও ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ৪৫২ জনের প্রাণ-আরএফএল গ্রুপে চাকরির জন্য প্রাথমিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

জব ফেয়ারে ওয়েল্ডিং ৬জি পদে ৩৫ জন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (আরএসি) পদে ৮ জন, অটোমোটিভ মেকানিকস পদে ১৭ জন, ড্রাইভিং পদে ১৮ জন, ড্রাইভারের সহকারী পদে ৭৬ জন এবং নিরাপত্তাকর্মী পদে ২৯৮ জনকে নির্বাচন করা হয়েছে। প্রাণ-আরএফএল গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রতিনিধিরা প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের দক্ষতা ও যোগ্যতা যাচাই করে তাঁদের বিভিন্ন পদে নিয়োগের জন্য নির্বাচন করেন। নির্বাচিত সদস্যরা আগামী ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করবেন বলে জানানো হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের পরিকল্পনা ও দিকনির্দেশনায় বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমকে সময়োপযোগী, বহুমুখী ও কর্মসংস্থানমুখী করে গড়ে তোলা হচ্ছে। শুধু প্রশিক্ষণ প্রদান নয়, প্রশিক্ষণলব্ধ দক্ষতার যথাযথ প্রয়োগ এবং সদস্যদের জন্য দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়, নিয়োগ কার্যক্রমে সম্পৃক্ততা এবং জব ফেয়ার আয়োজনের মাধ্যমে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মধ্যে সংযোগ স্থাপন করা হচ্ছে।

এ উদ্যোগের ধারাবাহিকতায় দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রশিক্ষণ গ্রহণকারী ৩১৭ জন সদস্যের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ওয়ালটন, সিঙ্গার, প্রাণ-আরএফএল ও যমুনা গ্রুপসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান।

সংশ্লিষ্টরা জানান, প্রশিক্ষণকে কর্মসংস্থানের সঙ্গে সম্পৃক্ত করার এ উদ্যোগ সদস্যদের আর্থিক স্বাবলম্বিতা অর্জন, পারিবারিক জীবনমান উন্নয়ন এবং দেশের শিল্প ও উৎপাদন খাতে দক্ষ জনশক্তির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে জাতীয় অর্থনীতিতে দক্ষ মানবসম্পদের অংশগ্রহণ বাড়াতেও সহায়ক হচ্ছে।

দিনাজপুর জেলা কমান্ড্যান্টের সার্বিক সমন্বয়ে জব ফেয়ারটি সফলভাবে সম্পন্ন হয়। প্রশিক্ষণের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চাকরি পেতে সহযোগিতা করায় উপকৃত সদস্য ও তাঁদের অভিভাবকেরা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দেশের জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি সদস্যদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এফপি/মিব


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝