রংপুরের কাউনিয়ায় নাশকতা, বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোস্তাফিজার রহমান রানা, এনসিপির উপজেলা সমন্বয়ক সাইদুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এবং কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল।
সভায় উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অপচেষ্টা প্রতিরোধ, গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন, মাদক ও জুয়ার বিস্তার রোধ, চুরি-ছিনতাই নিয়ন্ত্রণ, বাল্যবিয়ে প্রতিরোধ, বাজার মনিটরিং এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও পাপিয়া সুলতানা বলেন, "নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যেকোনো অপচেষ্টায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদক ও জুয়ার বিষয়ে সবাইকে সচেতন থাকার পাশাপাশি সজাগ থাকতে হবে। এসব ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে থানা পুলিশের টহল তৎপরতা বাড়াতে হবে।"
তিনি কাউনিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের পাশাপাশি প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।
এফপি/মিব