শিক্ষকতা, সাংবাদিকতা, সাহিত্য-সংস্কৃতি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন ধীরেন হালদার। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে শিক্ষা বিস্তার, সাংবাদিকতার মাধ্যমে সমাজের নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশে ভূমিকা রেখেছেন তিনি। এসব ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন একাধিক সম্মাননা ও পুরস্কার। অবসর গ্রহণের পরও শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা অব্যাহত রয়েছে।
১৯৫৮ সালের ১ জানুয়ারি পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কামারকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন ধীরেন হালদার। তাঁর বাবা গৌরহরি হালদার এবং মা রেণু বালা হালদার। গ্রামের ইদিলকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শেষ করে কামারকাঠি নবকুমার ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক এবং স্বরূপকাঠি কলেজ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। পরবর্তী সময়ে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে এমএড ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাজীবন শেষে শিক্ষকতা পেশায় যুক্ত হন তিনি। ১৯৮৫ সালের ১৪ মে আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ ৩২ বছরের কর্মজীবন শেষে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর অবসর গ্রহণ করেন। তবে অবসর গ্রহণের পরও শিক্ষকতার সঙ্গে সম্পৃক্ততা বজায় রেখেছেন। ২০২৬ সালের ৪ জানুয়ারি থেকে মাহামুদকাঠি আদর্শ শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা পেশায়ও রয়েছে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা। তিনি দৈনিক আজকের কাগজ, দৈনিক ভোরের কাগজ, দৈনিক প্রথম আলো ও দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছেন। বর্তমানে দৈনিক সংবাদ-এর স্বরূপকাঠি প্রতিনিধি এবং সাপ্তাহিক একতার পিরোজপুর জেলা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় সমস্যা, জনদুর্ভোগ, শিক্ষা ও সামাজিক নানা বিষয় সংবাদমাধ্যমে তুলে ধরার মধ্য দিয়ে তিনি সাংবাদিকতায় ভূমিকা রেখে চলেছেন।
সাহিত্য, সংস্কৃতি ও সংগঠন পরিচালনার ক্ষেত্রেও সক্রিয় ধীরেন হালদার। ১৯৬৮ সাল থেকে তিনি অরনি খেলাঘর আসর ও অরনি পাঠাগারের সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে অরনি পাঠাগারের সভাপতি এবং খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বাংলাদেশ প্রগতি লেখক সংঘের স্বরূপকাঠি উপজেলা শাখার সাধারণ সম্পাদক, স্বরূপকাঠি প্রেস ক্লাবের অর্থ সম্পাদক, স্বরূপকাঠি সাংবাদিক সমিতি ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের অর্থ সম্পাদক এবং বাংলাদেশ শিক্ষক সমিতির বরিশাল আঞ্চলিক শাখার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সময়ে একাধিক সম্মাননা অর্জন করেছেন তিনি। ১৯৯৬ সালে নতুন মুখ সাহিত্য সংস্কৃতি পরিষদ, বানারীপাড়া থেকে সাহিত্যচর্চায় অবদানের জন্য সম্মাননা পান। ১৯৯৯ সালে বাংলাদেশ লেখক আইনজীবী পরিষদ, ঢাকা থেকে সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি লাভ করেন।
২০১৯ সালে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্বাধীন বাংলা সংসদ থেকে স্বাধীন বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড এবং মো. আবু হাসান শেখ মেমোরিয়াল ট্রাস্ট থেকে সম্মাননা স্মারক অর্জন করেন। ২০২০ সালে সার্ক কালচারাল ফোরাম থেকে শিক্ষা ও সংস্কৃতিতে অবদানের জন্য সম্মাননা পান।
এ ছাড়া ২০২২ সালে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মানববর্ষ সম্মাননা এবং আন্তর্জাতিক ক্যাম্পে অংশগ্রহণের জন্য বিশেষ সম্মাননা অর্জন করেন। ২০২৩ সালে পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের কবিতা উৎসব ও গুণীজন সম্মাননা, হিউম্যান রাইটস এক্সিলেন্স অ্যাওয়ার্ড এবং শের-ই-বাংলা পিস অ্যাওয়ার্ড লাভ করেন। সর্বশেষ ২০২৬ সালে অরনি খেলাঘর আসর ও অরনি পাঠাগারের পক্ষ থেকে 'মানিক লাল ঘোষ স্মৃতি সম্মাননা' এবং কেন্দ্রীয় খেলাঘর আসর থেকে 'বজলুর রহমান ভাইয়া স্মৃতি পদক' অর্জন করেন।
দীর্ঘ কর্মজীবনে শিক্ষকতা, সাংবাদিকতা, সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে বহুমাত্রিক অবদান রেখেছেন ধীরেন হালদার। শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি সাংবাদিক হিসেবে সমাজের নানা বাস্তবতা তুলে ধরা এবং সাংস্কৃতিক সংগঠক হিসেবে নতুন প্রজন্মের সৃজনশীল বিকাশে কাজ করে যাচ্ছেন তিনি। অবসর-পরবর্তী সময়েও তাঁর এই কর্মতৎপরতা অব্যাহত থাকা শিক্ষা, সংস্কৃতি ও সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতারই প্রতিফলন।
এফপি/মিব