শীতের আগমনী বার্তায় প্রকৃতিতে বইতে শুরু করেছে উত্তরের হিমেল হাওয়া। ভোরের শিশির আর হালকা কুয়াশায় ঢেকে যাচ্ছে ফসলের মাঠ। কোথাও পাকা আমন ধান কাটছেন কৃষক, কোথাও চলছে মাড়াই ও শুকানোর কাজ। আবার কোনো জমিতে ধান কাটার পর শুরু হয়েছে সরিষা, গম, আলু ও শীতকালীন সবজি চাষের প্রস্তুতি। চলতি আমন মৌসুমে পাবনায় ভালো ফলনের সম্ভাবনা দেখা দিলেও কৃষকের মুখে পুরোপুরি স্বস্তি নেই। উৎপাদন খরচ বৃদ্ধি, বাজারে ধানের প্রত্যাশিত দাম না পাওয়া, শ্রমিকের মজুরি, পরিবহন ব্যয় এবং হাটবাজারে অতিরিক্ত ধলতা নেওয়ার অভিযোগে লাভের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন তাঁরা।
এর মধ্যে অক্টোবরের শেষ দিকে এবং নভেম্বরের মাঝামাঝি সময়ে টানা ঝড়-বৃষ্টিতে পাবনার ঈশ্বরদীসহ বিভিন্ন এলাকায় পাকা ও আধাপাকা আমন ধান হেলে পড়া এবং জমিতে পানি জমে যাওয়ার ঘটনা ঘটে। ঈশ্বরদী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সেখানে ১১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এর মধ্যে এক দিনেই বৃষ্টিপাত হয়েছিল ৫৬ মিলিমিটার। আবার ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। এতে মুলাডুলি, দাশুড়িয়া ও সাঁড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার ধানক্ষেতে ক্ষতির আশঙ্কা দেখা দেয়। অনেক জমির ধান মাটিতে হেলে পড়ে, কোথাও শীষসহ ধান পানিতে ডুবে যায়। ফলে ধান কাটা, মাড়াই ও ঘরে তোলার কাজে বিঘ্ন ঘটে।
ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে উপজেলায় ৩ হাজার ৬৬০ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৬৬১ মেট্রিক টন। কৃষি বিভাগের হিসাবে, ঝড়-বৃষ্টির আগে ফলনের ভালো সম্ভাবনা থাকলেও প্রতিকূল আবহাওয়ায় ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছিল। তবে ক্ষতিগ্রস্ত জমির চূড়ান্ত পরিমাণ নিরূপণ না হওয়ায় প্রকৃত ক্ষতির হিসাব এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে পাবনায় মোট ৮৮ হাজার ৯৪৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ৫৫ হাজার ৬১৫ হেক্টর জমিতে রোপা আমন এবং ৩৩ হাজার ৩৩০ হেক্টর জমিতে বোনা আমন চাষ করা হয়েছে। জেলায় রোপা আমনে হেক্টরপ্রতি চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩ দশমিক ৫০ মেট্রিক টন এবং বোনা আমনে ১ দশমিক ৬৮ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। সেই হিসাবে জেলায় দুই ধরনের আমন থেকে মোট চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ২ লাখ ৫০ হাজার ৬৪৭ মেট্রিক টন।
বিনা-৭, বিনা-৮, বিনা-৪, বিনা-১০, ব্রি ধান-৩২, ব্রি ধান-৩৩, বিআর-১১, ব্রি ধান-৪৯, লাল পাইজাম, কালা পাইজাম, স্বর্ণা, ধানী গোল্ড, স্বর্ণা নেপালী, লেম্বু ও বিন্নিসহ বিভিন্ন জাতের ধান আবাদ করেছেন কৃষকেরা। জেলার সুজানগর, বেড়া, সাঁথিয়া, ফরিদপুর, ঈশ্বরদী, আটঘরিয়া ও পাবনা সদরসহ বিভিন্ন এলাকায় চলছে ধান কাটা ও মাড়াই।
সুজানগর উপজেলা কৃষি কর্মকর্তার তথ্য অনুযায়ী, উপজেলায় বিঘাপ্রতি গড় ফলন পাওয়া যাচ্ছে ১৭ থেকে ২২ মণ। অন্যদিকে পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম প্রামাণিক জানিয়েছেন, চলতি মৌসুমে জেলায় বিঘাপ্রতি গড় উৎপাদন লক্ষ্যমাত্রা ১৭ থেকে ১৮ মণ। অনুকূল পরিস্থিতিতে ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
তবে উৎপাদনের সম্ভাবনা ভালো হলেও কৃষকের আয় নিয়ে রয়েছে অনিশ্চয়তা। কৃষকদের হিসাবে, এক বিঘা জমিতে রোপা আমন চাষে খরচ হচ্ছে প্রায় ১৬ হাজার টাকা। বিঘাপ্রতি গড়ে ১৫ মণ ধান উৎপাদন হলে বর্তমান বাজারদরে তা বিক্রি করে পাওয়া যাচ্ছে প্রায় ১৮ হাজার থেকে ২১ হাজার ৭৫০ টাকা। কিন্তু জমির ভাড়া বা বর্গা, পরিবহন, বাজারের ধলতা এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ বাদ দিলে প্রকৃত লাভের পরিমাণ অনেক কমে যাচ্ছে। বিশেষ করে বর্গাচাষিদের অনেকেই উৎপাদন খরচ তুলে লাভের মুখ দেখা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।
পাবনার বিভিন্ন হাটবাজারে নতুন আমন ধানের দামেও রয়েছে ভিন্নতা। স্থানীয় বাজারের তথ্য অনুযায়ী, মোটা ধান প্রতি মণ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকা এবং চিকন ধান ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৩৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। পরবর্তী সময়ে ধানের মান ও বাজারভেদে কোনো কোনো ক্ষেত্রে প্রতি মণ ধানের দাম ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৪৫০ টাকা পর্যন্ত উঠেছে। চিকন ও সুগন্ধি জাতের ধানের দাম তুলনামূলক বেশি। তবে কৃষকদের অভিযোগ, সার, ডিজেল, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি যে হারে বেড়েছে, সে অনুপাতে ধানের দাম বাড়েনি।
এর পাশাপাশি হাটে ধান বিক্রির সময় মণপ্রতি চার কেজি পর্যন্ত অতিরিক্ত ধান বা ধলতা নেওয়ার অভিযোগ তুলেছেন কৃষকেরা। তাঁদের দাবি, ৪০ কেজিতে এক মণ ধান বিক্রি করতে গিয়ে অতিরিক্ত ধান দিতে হওয়ায় প্রকৃত বিক্রয়মূল্য কমে যাচ্ছে। অনেক কৃষক আগাম দাদন বা ঋণ নিয়ে চাষাবাদ করায় ধান কাটার পরপরই তা বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ফলে বাজারে দাম বাড়ার অপেক্ষায় থাকার সুযোগও পাচ্ছেন না তাঁরা।
এ অবস্থায় কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহ কর্মসূচি ঘোষণা করেছে সরকার। নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি আমন ধান ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে কেনা হবে। এবার অভ্যন্তরীণ বাজার থেকে মোট ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৩ লাখ মেট্রিক টন ধান, ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ধান সংগ্রহ কার্যক্রম ১৪ নভেম্বর থেকে শুরু হয়ে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর থেকে। সরকারি নির্ধারিত প্রতি কেজি ৩৫ টাকা হিসাবে ৪০ কেজি ধানের দাম দাঁড়ায় ১ হাজার ৪০০ টাকা। ফলে সরকারি সংগ্রহমূল্য স্থানীয় বাজারে ধানের দাম বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে প্রকৃত কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনা, সংগ্রহ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং কৃষকের জন্য সহজ বিক্রয়ব্যবস্থা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।
এদিকে আমন ধান কাটার পর শীতকালীন রবি ফসল চাষের প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরা। পাবনার বিভিন্ন এলাকায় সরিষা, গম, ভুট্টা, আলু, পেঁয়াজ, রসুন, মসুর, খেসারি ও বিভিন্ন শীতকালীন সবজির আবাদ বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বেড়া উপজেলার যমুনার চরাঞ্চল, সুজানগর ও সাঁথিয়ার বিভিন্ন এলাকায় জমির ধরন ও পানির প্রাপ্যতা বিবেচনায় ফসলের বৈচিত্র্য বাড়ানোর সুযোগ রয়েছে।
তবে শীতের সঙ্গে কুয়াশা, তাপমাত্রার ওঠানামা ও অসময়ের বৃষ্টি নতুন ফসলের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এ পরিস্থিতিতে জমির অতিরিক্ত পানি নিষ্কাশন, সঠিক সময়ে বীজ বপন, রোগবালাই পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী সেচ ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে ধান কাটার পর দ্রুত জমি প্রস্তুত করে রবি ফসলের আবাদ করতে পারলে একই জমিতে বছরে একাধিক ফসল উৎপাদনের সুযোগ পাবেন কৃষকেরা।
কৃষি অর্থনীতিবিদ ও সংশ্লিষ্টদের মতে, শুধু উৎপাদন বাড়লেই কৃষকের জীবনমানের উন্নয়ন হবে না। উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য, বাজার ব্যবস্থাপনা ও সংরক্ষণ সুবিধা নিশ্চিত করাও জরুরি। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো, ধলতার নামে অতিরিক্ত ধান নেওয়া বন্ধ করা, সরকারি সংগ্রহে প্রকৃত কৃষকের অংশগ্রহণ নিশ্চিত করা এবং গ্রামপর্যায়ে ধান শুকানো ও সংরক্ষণের ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
সব মিলিয়ে পাবনায় চলতি আমন মৌসুমে ভালো ফলনের সম্ভাবনা কৃষি অর্থনীতিতে ইতিবাচক বার্তা দিলেও কৃষকের প্রকৃত লাভ এখনো অনিশ্চিত। প্রতিকূল আবহাওয়া মোকাবিলা করে উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে আমনের এই সাফল্যের সুফল পৌঁছাবে কৃষকের ঘরে। অন্যথায় মাঠে সোনালি ধানের সমারোহ থাকলেও কৃষকের সংসারে স্বস্তি ফিরবে না।
এফপি/মিব