Dhaka, Sunday | 22 November 2026
         
English Edition
   
Epaper | Sunday | 22 November 2026 | English
শিরোনাম:

শিশুর সুস্থ বিকাশে খেলাধুলা ও পারিবারিক যত্ন জরুরি: কেসিসি প্রশাসক

প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭:০৬ পিএম  (ভিজিটর : ৩৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, আধুনিক সমাজব্যবস্থায় মা-বাবার পক্ষে শিশুদের পর্যাপ্ত সময় দেওয়ার সুযোগ কমে গেছে। বর্তমান যান্ত্রিক জীবনে শিশুদের মানসিক বিকাশের প্রতিও আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি না। ফলে অনেক শিশুকেই ঘরের মধ্যে আবদ্ধ থাকতে হচ্ছে। শিশুদের সুস্থ মানসিক বিকাশ নিশ্চিত করতে এই সীমাবদ্ধতা থেকে তাদের বের করে আনতে হবে।

রোববার (২২ নভেম্বর) বেলা ১১টায় নগরীর শেরেবাংলা রোডে অবস্থিত নগর স্বাস্থ্য ভবনে ‘শিশু বিকাশে প্রারম্ভিক যত্ন এবং সন্তান লালন-পালন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিসেফের সহযোগিতায় কেসিসির স্বাস্থ্য বিভাগ এ কর্মশালার আয়োজন করে।

প্রশাসক আরও বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তাই বেড়ে ওঠার সময় থেকেই শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের বসতিপূর্ণ এলাকার শিশুদের বিকাশে বাড়তি গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে মহানগরীতে শিশু বিকাশ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফের খুলনা ও বরিশাল বিভাগীয় নিউট্রিশন অফিসার ডা. শাহনাজ বেগম এবং টেকনিক্যাল মনিটরিং অফিসার মো. আবু সাইদ ও মো. জসিম উদ্দিন।

কর্মশালাটি পরিচালনা করেন কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও ইপিআই কর্মীরা অংশগ্রহণ করেন।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝