খুলনা মহানগরীর নিরাপত্তা জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ, যানজট নিরসন ও নগরসেবার মান আধুনিক করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। এ লক্ষ্যে কেসিসি ও খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) যৌথভাবে একটি সমন্বিত প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল মোড় ও প্রবেশপথ এআই ক্যামেরার আওতায় আসবে।
এ বিষয়ে ‘সমন্বিত এআইচালিত নগর নিরাপত্তা, ট্রাফিক ইন্টেলিজেন্স ও টোল রাজস্ব স্বয়ংক্রিয়করণ’ শীর্ষক প্রস্তাবনা উপস্থাপন সভা বুধবার সকাল সাড়ে ৯টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ঢাকাভিত্তিক প্রতিষ্ঠান ডেকো ইশো টেকনোলজিস লিমিটেড (ডিআইটিইসিএইচ) সভাটির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
কেসিসি প্রশাসক জানান, নগরজুড়ে এআই ক্যামেরা স্থাপন করা হলে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় নতুন মাত্রা যুক্ত হবে। এআই প্রযুক্তির মাধ্যমে কোনো অপরাধের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তি ও যানবাহন শনাক্ত করা সহজ হবে। এতে অপরাধীদের অবস্থান শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুবিধা পাবে। গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল মোড় ও প্রবেশপথে নজরদারি বাড়লে সন্ত্রাস, চাঁদাবাজি ও নাশকতা প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
তিনি আরও বলেন, এ প্রযুক্তির মাধ্যমে নগরীর যান চলাচল পর্যবেক্ষণ করে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করা যাবে। পাশাপাশি টোল আদায় ব্যবস্থায় এআই প্রযুক্তি যুক্ত হলে রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও গতিশীলতা বাড়বে। এতে করপোরেশনের রাজস্ব ব্যবস্থাপনাও আধুনিক হবে।
সভায় প্রশাসক বলেন, নগরীতে এআই প্রযুক্তি স্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব অংশীজনের সম্পৃক্ততা প্রয়োজন। বিশেষ করে সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) সহযোগিতা প্রয়োজন হবে। এ ছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও যানবাহনের লাইসেন্স-সংক্রান্ত তথ্যের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সম্পৃক্ততা জরুরি।
তিনি বলেন, খুলনায় প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তাই স্থানীয় সরকার বিভাগের অনুমোদন সাপেক্ষে দ্রুত কাজ এগিয়ে নিতে হবে। বর্তমান পরিস্থিতিতে নগরীর নিরাপত্তা জোরদার করা অত্যন্ত জরুরি। এ উদ্যোগের প্রতি নাগরিকদের আগ্রহ ও সমর্থন রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে এ বিষয়ে মতামত ও পরামর্শ দিচ্ছেন। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে নাগরিকদের অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন।
সভায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), বিআরটিএ, কেডিএ, সড়ক ও জনপথ অধিদপ্তর, এলজিইডি, কেএমপি, জেলা প্রশাসন এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) প্রতিনিধিদের সমন্বয়ে একটি কারিগরি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী সময়ে এ কমিটির সঙ্গে ডিআইটিইসিএইচের প্রতিনিধিদের সভা অনুষ্ঠিত হবে। সেখানে আলোচনার ভিত্তিতে সমন্বিত এআই কার্যক্রম বাস্তবায়নের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।
সভায় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস ও শেখ মো. মাসুদ করিম, স্থপতি রেজবিনা খানম, ভেটেরিনারি কর্মকর্তা ডা. পেরু গোপাল বিশ্বাস উপস্থিত ছিলেন।
এ ছাড়া কুয়েটের রিসার্চ অ্যাসোসিয়েট মো. রাহাতুল ইসলাম ও মো. রফি আহমেদ, কেএমপির সহকারী কমিশনার (ট্রাফিক) মো. ফজলুল কবির, ট্রাফিক ইন্সপেক্টর (অ্যাডমিন) মো. আবুবক্কার সিদ্দিক, কেসিসির সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. মোস্তাফিজুর রহমান, সহকারী আইসিটি ম্যানেজার মো. রেদওয়াদনুর রহমান, সিনিয়র লাইসেন্স অফিসার মো. মনিরুজ্জামান রহিম এবং ডিআইটিইসিএইচের হেড অব সেলস সৈয়দ মেজবাহুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এফপি/মিব