বিশ্বশান্তি, বাংলাদেশের শান্তি, সম্প্রীতি ও মৈত্রীর বন্ধন সুদৃঢ় করার আহ্বানের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন ৫০তম কঠিন চীবর দানোৎসব। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে রাঙ্গামাটি রাজবন বিহার প্রাঙ্গণে বৌদ্ধ ভিক্ষুদের চীবর উৎসর্গের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটে।
প্রয়াত পার্বত্য ধর্মগুরু সাধনানন্দ মহাস্থবির বনভান্তের স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত এ উৎসবে দেশ-বিদেশের হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী অংশ নেন। বিশাখা প্রবর্তিত নিয়ম অনুসারে ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি, রং করা, শুকানো ও তাঁতে বুননের মাধ্যমে চীবর প্রস্তুত করে ভিক্ষু সংঘের উদ্দেশে উৎসর্গ করা হয়।
বৃহস্পতিবার বিকেলে বেইনঘর উদ্বোধন ও চরকায় সুতা কাটার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাতভর তুলা থেকে সুতা তৈরি, রং করা ও শুকানোর পর শুক্রবার ভোর থেকে শুরু হয় চীবর বোনার কাজ। রাজবন বিহারে প্রায় দুই শতাধিক বেইন ও দেড় শতাধিক চরকার সাহায্যে হাজারো দায়ক-দায়িকা এ পুণ্যকর্মে অংশ নেন।
উৎসবের প্রস্তুতি শেষে তৈরি করা চীবর রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবিরের হাতে তুলে দেন সাবেক পার্বত্য মন্ত্রী ও সংসদ সদস্য দীপেন দেওয়ান।
শুক্রবার সকাল থেকেই রাজবন বিহারে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিষ্কার দানসহ নানা ধর্মীয় ও দান কার্যক্রমে অংশ নেন পুণ্যার্থীরা। বিকেল আড়াইটায় শুরু হয় উৎসবের প্রধান আয়োজন কঠিন চীবর দানানুষ্ঠান। পরে ভিক্ষু সংঘের উদ্দেশে চীবর উৎসর্গের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয় এবারের আয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার, রাঙ্গামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি, রাঙ্গামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা।
এ বছর ভারতের মহারাষ্ট্র থেকে আসা ২০ জন বিদেশি অতিথিসহ দেশ-বিদেশের বিপুলসংখ্যক পুণ্যার্থী এ মহাদানোৎসবে অংশ নেন।
দুই দিনব্যাপী এ ধর্মীয় উৎসব শুধু বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মিলনমেলায় পরিণত হয়। বিহার প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিভিন্ন পণ্যের দোকান বসে। এতে উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজক সূত্রে জানা যায়, ১৯৭৬ সাল থেকে প্রতি বছর রাঙ্গামাটি রাজবন বিহারে এ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়ে আসছে।
কঠিন চীবর দানের তাৎপর্য
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব কঠিন চীবর দান। তিন মাসের বর্ষাবাস শেষে প্রবারণা পূর্ণিমা পালনের পরদিন থেকে পরবর্তী এক মাস পর্যন্ত বিভিন্ন বৌদ্ধ বিহারে ধারাবাহিকভাবে এ উৎসব অনুষ্ঠিত হয়।
বৌদ্ধ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধের সময়ে বিশাখা নামে এক উপাসিকা ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি করে কাপড় বুনে বুদ্ধকে দান করেছিলেন। সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে এবং বিশাখার অনুসৃত নিয়মের অনুকরণে বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রতিবছর কঠিন চীবর দানোৎসব পালন করে আসছেন।
এফপি/মিব