লালমনিরহাটে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশ (এএইউবি) আয়োজিত দুই দিনব্যাপী প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬ (এনএজিসি-২০২৬) শেষ হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাসে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু। অনুষ্ঠানে লালমনিরহাট-১ ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য, এএইউবির উপাচার্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা প্রতিযোগী ও তরুণ উদ্ভাবকেরা অনুষ্ঠানে অংশ নেন।
তরুণ প্রজন্মকে এভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন, রোবোটিকস ও মহাকাশ প্রযুক্তির প্রতি আগ্রহী করে তোলা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশ এবং দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকদের একটি জাতীয় প্ল্যাটফর্মে যুক্ত করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। দুই দিনব্যাপী প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিজেদের উদ্ভাবনী ধারণা, প্রযুক্তিনির্ভর প্রকল্প ও বাস্তব সমস্যার সমাধান তুলে ধরেন।
সমাপনী অনুষ্ঠানের শুরুতে এএইউবির উপাচার্য বলেন, প্রথমবারের মতো আয়োজিত জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণদের ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করে, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি নতুন প্রজন্মের গভীর আগ্রহ এবং বিপুল সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, শুধু প্রতিযোগিতা আয়োজন করাই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য নয়; বরং তরুণ মেধাবীদের চিহ্নিত করা, তাঁদের উদ্ভাবনী ধারণাকে গবেষণা ও ব্যবহারিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করা এবং এভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন, রোবোটিকস ও মহাকাশ প্রযুক্তিতে দেশীয় সক্ষমতা গড়ে তোলার জন্য একটি ধারাবাহিক প্ল্যাটফর্ম তৈরি করাই মূল লক্ষ্য।
উপাচার্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দলকে অভিনন্দন জানান। পুরস্কার অর্জন করতে না পারলেও প্রতিটি উদ্ভাবনী প্রচেষ্টাকে ভবিষ্যৎ সাফল্যের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, এ ধরনের প্রতিযোগিতা তরুণদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি জাতীয় প্রয়োজনের আলোকে নতুন ও কার্যকর সমাধান উদ্ভাবনে উৎসাহিত করে।
তিনি বলেন, ড্রোন, রোবোটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তি দুর্যোগের পূর্বাভাস, উদ্ধার অভিযান, কৃষি, যোগাযোগ, নিরাপত্তা এবং জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তরুণদের বড় স্বপ্ন দেখার পাশাপাশি গবেষণা, অধ্যবসায় ও উদ্ভাবনের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, এএইউবি লালমনিরহাটে শিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে বলে তিনি আশাবাদী।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের প্রতিযোগিতায় দেশের ২৭টি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৭৪টি দল অংশ নেয়। এসব দলে প্রতিযোগীর সংখ্যা ছিল ২৯৬ জন। চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিভাগভিত্তিক অংশগ্রহণের চিত্র ছিল—রোটরক্রাফট বিভাগে ১৬টি দলের ৬৯ জন, ফিক্সড উইং বিভাগে ১৭টি দলের ৮০ জন, সকার বট বিভাগে ৩৭টি দলের ১১৭ জন এবং স্পেস রোবোটিকস বিভাগে চারটি দলের ৩০ জন প্রতিযোগী অংশ নেন।
প্রতিযোগিতার ফলাফল
চারটি বিভাগের প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
রোটরক্রাফট বিভাগে প্রথম স্থান অর্জন করে ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের ‘ইরফান এফপিভি’। দ্বিতীয় হয় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ‘টিম ভর্টেক্স’।
ফিক্সড উইং বিভাগে প্রথম স্থান অর্জন করে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশের ‘ড্রাগন ফ্লাই’। দ্বিতীয় স্থান অর্জন করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ‘অ্যারো ভেনম’।
সকার বট বিভাগে প্রথম হয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ‘ব্ল্যাক স্যাবার’। দ্বিতীয় স্থান অর্জন করে সিঙ্গুলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা।
স্পেস রোবোটিকস বিভাগে গ্রিন ইউনিভার্সিটির ‘মার্স রোভার টিম’ প্রথম স্থান অর্জন করে। এ বিভাগে যৌথভাবে দ্বিতীয় হয় এএইউবির ‘রোভার ৭১’ এবং রুয়েটের ‘টিম অগ্রদূত’।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দলকে তাঁদের উদ্ভাবনী প্রচেষ্টার জন্য অভিনন্দন জানান।
দুই দিনের এ আয়োজন শুধু প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; বরং দেশের বিভিন্ন প্রান্তের তরুণ উদ্ভাবক, গবেষক ও প্রযুক্তিপ্রেমীদের মধ্যে জ্ঞান বিনিময়, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে কাজ করার একটি জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আয়োজক বিশ্ববিদ্যালয় আশা করছে, এ প্রতিযোগিতায় উঠে আসা মেধা ও উদ্ভাবনী ধারণাগুলো ভবিষ্যতে গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন, শিল্পোন্নয়ন ও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হবে। এর মাধ্যমে বাংলাদেশের এভিয়েশন ও অ্যারোস্পেস খাতে দেশীয় প্রযুক্তিগত সক্ষমতা এবং স্বনির্ভরতা বৃদ্ধিতে অবদান রাখবে। পুরস্কার বিতরণী ও ফটোসেশনের মধ্য দিয়ে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
এফপি/মিব