Dhaka, Saturday | 21 November 2026
         
English Edition
   
Epaper | Saturday | 21 November 2026 | English
শিরোনাম:

পটুয়াখালীতে নির্মিত হচ্ছে নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু

প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৯:০০ পিএম  (ভিজিটর : ১৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পটুয়াখালীর দুমকি ও বাউফল উপজেলার মধ্যবর্তী বগা পয়েন্টে লোহালিয়া নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু। সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে প্রধানমন্ত্রী সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট সংসদ সদস্য। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে সেতুটির নির্মাণকাজ শেষ করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

জানা গেছে, সোমবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বাউফল আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ বিষয়ে আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন সংসদ সদস্য।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লোহালিয়া নদীর ওপর প্রস্তাবিত নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর প্রকল্পের মোট দৈর্ঘ্য প্রায় ২ হাজার ৬২০ মিটার বা ২ দশমিক ৬২ কিলোমিটার।

সেতু নির্মাণের প্রাথমিক প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে দুমকি উপজেলার চর গরবদি এলাকায় জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হয়েছে। অধিগ্রহণ করা এলাকা থেকে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার কার্যক্রমও চলছে। এসব প্রস্তুতি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে বাউফলের দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আট বছর বয়সী আবিরার একটি চিঠির পরিপ্রেক্ষিতে সেতু নির্মাণের বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ওই চিঠির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় চলতি বছরের ১৯ মে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে বাউফলের বগা ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

সেতুটি নির্মিত হলে বাউফলসহ পটুয়াখালীর বিভিন্ন এলাকার মানুষের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন স্থানীয়রা। এর ফলে ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা, চিকিৎসা ও আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তাঁদের প্রত্যাশা। দীর্ঘদিনের নদী পারাপারের দুর্ভোগ কমার পাশাপাশি দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেতুটি।

এখন স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত আনুষ্ঠানিকভাবে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ হবে।

এফপি/মিব


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝