জাল সনদ ব্যবহার করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, চাকরি কিংবা সরকারি-বেসরকারি সুযোগ-সুবিধা নিয়েছেন, এমন ব্যক্তিদের দুর্দিন আসছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, কোনোভাবেই তাঁরা আর জালিয়াতি লুকিয়ে রাখতে পারবেন না।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চবিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নবিষয়ক শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষাব্যবস্থার গুণগত মান ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। সামনে প্রতিযোগিতাপূর্ণ বিশ্ব। সেই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। গতানুগতিক শিক্ষাধারা থেকে বেরিয়ে এসে জ্ঞাননির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। শুধু কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভর করলে চলবে না; প্রকৃত জ্ঞান অর্জনের ওপরও গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে দেশে প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। শিক্ষার পরিবেশ ও পরীক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ইসলামী শিক্ষার জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। আগামী দিনে প্রত্যেকের নিজ নিজ ধর্ম অনুযায়ী শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হবে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার বদরুদ্দোজা, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এফপি/মিব