গোপালগঞ্জ জেলা কারাগারে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের জন্য খাবার সরবরাহের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীর দাবি, খাবার বহনকারী কর্মীদের জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে খাবার ছিনিয়ে নেওয়ার পর একটি ভিডিও ধারণ করা হয়। পরে ওই ভিডিও ব্যবহার করে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) ২০২৬ তারিখে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তা রক্ষায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনরত সদস্যদের খাবার সরবরাহের জন্য গোপালগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সিভিল স্টাফ খাবার নিয়ে যাওয়ার সময় পথে বিভিন্ন বাধা ও প্রতিকূলতার সম্মুখীন হন।
একপর্যায়ে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত তাঁদের জিম্মি করে এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে খাবার ছিনিয়ে নেয় বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। পরবর্তী সময়ে খাবার বহনের ভিডিও ধারণ করে সেটিকে নিজেদের কর্মকাণ্ড হিসেবে প্রচার করা হয়। একই সঙ্গে আনসার সদস্যদের খাবার সরবরাহের বিষয়টিকে রাজনৈতিকভাবে ভিন্ন আঙ্গিকে উপস্থাপনের চেষ্টা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ’ শিরোনামে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত তথ্য প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের প্রচারণার মাধ্যমে ঘটনার বাস্তব প্রেক্ষাপট আড়াল করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব পালনরত সদস্যদের জন্য খাবার সরবরাহের ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা গ্রহণযোগ্য নয়।
বিজ্ঞপ্তিতে এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এফপি/মিব