দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা, শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রমের অনুকূল পরিবেশ বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ও মহাসড়কের নিরাপত্তা জোরদারে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মোতায়েন কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নতুন করে আরও ২০ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। ফলে সারাদেশে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল, মহাসড়কসহ বিভিন্ন কৌশলগত স্থানে বাহিনীর মোট ৪২ প্লাটুন সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনা ও নির্ধারিত মোতায়েন পরিকল্পনা অনুযায়ী গাজীপুর, গোপালগঞ্জ, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আনসার ব্যাটালিয়নের সদস্যদের দায়িত্ব প্রদান করা হয়েছে। ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার সকাল থেকে নির্ধারিত স্থানগুলোতে এ মোতায়েন কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
গাজীপুরের শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ মহাসড়কে শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ, অগ্নিসংযোগ এবং জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবিলায় ১৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। তাঁরা ভোগড়া বাইপাস, মাওনা, গাছা, মৌচাক, সফিপুর বাজার, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, তেলিপাড়া, চান্দনা চৌরাস্তা ও শালনাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তাঁরা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখা এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন।
নারায়ণগঞ্জ জেলার শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। তাঁরা চাষাঢ়া মোড়, শিবু মার্কেট, ফতুল্লা স্টেডিয়াম, উডেন ব্রিজ, বিসিক ও কাঁচপুর ব্রিজের পূর্ব ঢালসহ গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছেন।
এদিকে, গোপালগঞ্জ জেলায় ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি খুলনা জেলায় ৪ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন, মাদারীপুরে ৪ প্লাটুন এবং শরীয়তপুরে ৪ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এসব জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল ও কৌশলগত পয়েন্টে নিরাপত্তা জোরদার এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন।
মোতায়েন কার্যক্রমের সার্বিক পরিকল্পনা, তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্ট রেঞ্জের উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট, ব্যাটালিয়ন অধিনায়কসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। মোতায়েনকৃত সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, সতর্কতা ও জনবান্ধব আচরণ বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল বজায় রাখা এবং শিল্পাঞ্চলে উৎপাদনের স্বাভাবিক পরিবেশ সুরক্ষায় নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। দেশের যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় বাহিনীর এ তৎপরতা অব্যাহত থাকবে।
এফপি/মিব