শারমিন হাসনিন তানিয়া নামের এক বিধবার সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ অস্বীকার করেছেন জামায়াতের রুকন ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা আজিজুর রহমান। তিনি ঝিনাইদহ শহরের আরাপপুর চানপাড়া এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঝিনাইদহ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় ওই নারী তাঁর বাড়িতে লোকজন ও ফেসবুকভিত্তিক কয়েকজন সংবাদকর্মী নিয়ে গিয়ে মব সৃষ্টি করেন এবং তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আজিজুর রহমান জানান, গত ৭ অক্টোবর আরাপপুর সোনালীপাড়া এলাকার বাসিন্দা ঘটক মিজানুর রহমানের মাধ্যমে শারমিন হাসনিন তানিয়ার সঙ্গে তাঁর বিয়ের প্রস্তাব আসে। এর পরিপ্রেক্ষিতে ১০ অক্টোবর ঝিনাইদহ শহরের মকবুল প্লাজার একটি রেস্তোরাঁয় তাঁদের সরাসরি দেখা হয়। ওই সময় তানিয়ার ছেলেও উপস্থিত ছিল।
তিনি আরও জানান, গত ২২ অক্টোবর তানিয়ার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বিয়ের বিষয়ে আলোচনা করেন। উভয় পক্ষের সম্মতিতে বিয়ের প্রাথমিক সিদ্ধান্তও হয়। এ উপলক্ষে তিনি কিছু কেনাকাটাও করেন। তবে পরবর্তীতে তাঁর সন্তানরা ঢাকা থেকে বাড়িতে এলে বিয়ের বিষয়ে পারিবারিকভাবে আলোচনার পর আরও সময় নেওয়ার সিদ্ধান্ত হয়। বিষয়টি তিনি ওই নারীর মামাকেও জানান।
আজিজুর রহমানের অভিযোগ, বিয়ের সিদ্ধান্ত বিলম্বিত হওয়ায় শারমিন তানিয়া তাঁকে মুঠোফোনে বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকেন। বিয়ে না করলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরপূর্বক বিয়েতে বাধ্য করা, তাঁর সন্তানদের বাড়ি থেকে উচ্ছেদ এবং ঝিনাইদহ থেকে বিতাড়িত করার হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় গত ১৬ নভেম্বর ঝিনাইদহ সদর থানায় শারমিন তানিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বলে সংবাদ সম্মেলনে জানান আজিজুর রহমান।
লিখিত বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, গত ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে শারমিন তানিয়া ১০০ থেকে ১৫০ জন লোক নিয়ে তাঁর বাড়ির সামনে উপস্থিত হন। এ সময় বাড়ি দখলের চেষ্টা, বাড়ির ফটক ভাঙচুর, প্রাণনাশের হুমকি এবং অশালীন ভাষায় গালিগালাজ করা হয় বলে তিনি দাবি করেন। পাশাপাশি উপস্থিত সংবাদকর্মী ও স্থানীয় লোকজনের সামনে তাঁর বিরুদ্ধে ধর্ষণ ও শারীরিক সম্পর্কের অভিযোগ তোলা হয় বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আজিজুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁকে জড়িয়ে মানহানিকর তথ্য ও অভিযোগ ছড়ানো হচ্ছে। এতে তাঁর সামাজিক সম্মান ও পারিবারিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। এসব অভিযোগের প্রতিবাদ জানিয়ে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান, শাহির উল্লাহ, আশরাফুল ইলম ও মেহেদী হাসানসহ স্থানীয় কয়েকজন পাড়া-প্রতিবেশী উপস্থিত ছিলেন।
এফপি/মিব