দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উদ্বোধন হলো পাবনা-ঢাকা-পাবনা রুটে সরাসরি আন্তঃনগর ট্রেন সার্ভিস। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে পাবনা রেলওয়ে স্টেশনে আনুষ্ঠানিকভাবে এ রেল যোগাযোগের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর এমপি এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।
নতুন এ রেল যোগাযোগের মধ্য দিয়ে রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি আন্তঃনগর রেলপথে যুক্ত হলো পাবনা জেলা। উদ্বোধনকে ঘিরে পাবনা রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ উদ্যোগকে স্বাগত জানান।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পাবনা-ঢাকা-পাবনা রুটে এক জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করবে। ট্রেন দুটির নাম দেওয়া হয়েছে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’। তবে ১৯ নভেম্বর উদ্বোধনী বিশেষ ট্রেন চলাচলের পর ২০ নভেম্বর থেকে নিয়মিত বাণিজ্যিক যাত্রা শুরু হবে।
রেলওয়ের অনুমোদিত সময়সূচি অনুযায়ী, ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ প্রতিদিন বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ৯টা ২০ মিনিটে পাবনায় পৌঁছাবে।
নিয়মিত চলাচলের সময় ট্রেন দুটি উভয় পথে ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম. মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে। ফলে পাবনা ছাড়াও ঈশ্বরদী, চাটমোহর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের বিভিন্ন এলাকার যাত্রীরা এ রেলসেবার সুবিধা পাবেন।
উদ্বোধনী দিনের বিশেষ ট্রেনটির সময়সূচি অবশ্য নিয়মিত ট্রেনের সময়সূচি থেকে আলাদা। ১৯ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে বিশেষ ট্রেনটি পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা। এদিন পথে শুধু ঈশ্বরদী স্টেশনে যাত্রাবিরতি করবে ট্রেনটি। নিয়মিত বাণিজ্যিক চলাচল শুরু হবে ২০ নভেম্বর থেকে।
পাবনা থেকে ঢাকার ট্রেনভাড়া
রেলওয়ের প্রকাশিত ভাড়ার তালিকা অনুযায়ী,
পাবনা থেকে ঢাকা রুটে বিভিন্ন শ্রেণির আসনের নির্ধারিত ভাড়া হলো —
শোভন চেয়ার (নন-এসি): ৪২৫ টাকা।স্নিগ্ধা (এসি): ৮১৭ টাকা।এসি সিট: ৯৭৮ টাকা।
অনলাইনে টিকিট কেনার ক্ষেত্রে সহজের সার্ভিস চার্জ হিসেবে অতিরিক্ত ২০ টাকা যুক্ত হবে। সে অনুযায়ী অনলাইন টিকিটের মূল্য যথাক্রমে ৪৪৫, ৮৩৭ ও ৯৯৮ টাকা।
দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়িত হওয়ায় পাবনাবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। তাঁদের প্রত্যাশা, সরাসরি ট্রেন চালুর ফলে রাজধানীতে যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী হবে। বিশেষ করে চিকিৎসাপ্রার্থী, শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা এ সুবিধার সুফল পাবেন। পাশাপাশি জেলার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
পাবনাবাসীর প্রত্যাশা, নতুন এ রেল যোগাযোগের পাশাপাশি যাত্রীসেবার মান বজায় রাখা, নির্ধারিত সময়সূচি অনুসরণ এবং ভবিষ্যতে ট্রেনের সংখ্যা ও আসনসংখ্যা বাড়ানোর উদ্যোগ নেবে রেলওয়ে কর্তৃপক্ষ।
এফপি/মিব