কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের চাষাবাদে উৎসাহিত করা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ঝিনাইদহের কোটচাঁদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষা ও মসুরের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির আজিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি এস.কে.এম. সালাহউদ্দিন বুলবুল সিডল এবং পৌর জামায়াতের আমির আব্দুল কাইয়ুমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষকদের উৎপাদন খরচ কমানো, অনাবাদি জমি চাষের আওতায় আনা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় প্রণোদনার আওতায় পাওয়া বীজ ও সার যথাযথভাবে ব্যবহার করে কাঙ্ক্ষিত ফলন অর্জনে কৃষকদের প্রতি আহ্বান জানান তাঁরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কোটচাঁদপুর উপজেলার মোট ১ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রণোদনা কর্মসূচির আওতায় সহায়তা পাচ্ছেন। কর্মসূচির আওতায় কৃষকদের বিনামূল্যে সরিষা ও মসুরের বীজের পাশাপাশি প্রত্যেককে ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তারা, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রণোদনার আওতাভুক্ত কৃষকেরা উপস্থিত ছিলেন।
এফপি/মিব