Dhaka, Thursday | 19 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 19 November 2026 | English
শিরোনাম:

খুলনার জলাবদ্ধতা নিরসনে ৬০ কোটি টাকার স্লুইস গেট নির্মাণকাজের উদ্বোধন

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৬:২৪ পিএম  (ভিজিটর : ৩৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খুলনা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে রূপসা পাইকারি মৎস্য বাজারসংলগ্ন খালে আধুনিক স্লুইস গেট কাম পাম্প হাউস নির্মাণকাজের উদ্বোধন করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের উদ্বোধন করেন।

মহানগরীর জলাবদ্ধতা নিরসনে প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় 'খুলনা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন' শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করছে খুলনা সিটি করপোরেশন।

নির্মাণকাজের উদ্বোধনকালে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, মহানগরীর জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন এ প্রকল্প গ্রহণ করেছে। আধুনিক প্রযুক্তিনির্ভর এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নগরীর জলাবদ্ধতা নিরসনে বড় ধরনের সাফল্য অর্জন সম্ভব হবে। নগরবাসীকে সেবা প্রদানে খুলনা সিটি করপোরেশন ধারাবাহিকভাবে সব উন্নয়নমূলক কাজ সম্পন্ন করবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুলনা শহরের প্রধান প্রধান এলাকার বড় ড্রেনগুলোর পানি রূপসার এ খাল দিয়ে নদীতে নিষ্কাশিত হয়। তবে জোয়ারের সময় ভারী বৃষ্টিপাত হলে খালের পানি নদীতে নিষ্কাশন বাধাগ্রস্ত হয়। ফলে নগরীর বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং চলাচলে দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে।

নির্মাণাধীন রূপসা স্লুইস গেটটি নদীতে জোয়ারের সময় স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। অন্যদিকে বৃষ্টির পানি পাম্পের সাহায্যে নদীতে নিষ্কাশন করা হবে। প্রকল্পটির কাজ সম্পন্ন হলে নগরীর প্রধান অংশের জলাবদ্ধতা সম্পূর্ণভাবে দূর করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

২০২৭ সালের জুন মাসে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এছাড়া কাস্টম ঘাট থেকে লবণচরা পর্যন্ত ছয়টি স্লুইস গেট একটি কেন্দ্রীয় ইউনিট থেকে নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজনে খুলনা সিটি করপোরেশনের কার্যালয়ে বসেই এসব গেট নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে নগরবাসী জলাবদ্ধতার দুর্ভোগ থেকে অনেকটাই মুক্তি পাবেন। কম্পিউটারাইজড পদ্ধতিতে এ ধরনের বৃহৎ প্রকল্প এ অঞ্চলে আগে বাস্তবায়িত হয়নি। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এ সময় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিমসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝