Dhaka, Thursday | 19 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 19 November 2026 | English
শিরোনাম:

ইমাম-মুয়াজ্জিনদের বেতনের নামে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:৪৪ পিএম  (ভিজিটর : ২০)

সরকারি বরাদ্দ প্রদান এবং ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা দেওয়ার নামে প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। দেশের বিভিন্ন এলাকায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য, ইমাম ও মুয়াজ্জিনদের কাছে ফোন করে একটি প্রতারক চক্র টাকা দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৮ নভেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক শ্রেণির অসাধু ব্যক্তি নিজেদের সরকারি কর্মকর্তা বা সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি পরিচয় দিয়ে মসজিদের জন্য সরকারি বরাদ্দ কিংবা ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা ব্যাংক হিসাবে পাঠানোর আশ্বাস দিচ্ছে। এ প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলে তারা বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং মাধ্যমে অগ্রিম টাকা বা খরচ দাবি করছে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, এ ধরনের অর্থ দাবির সঙ্গে প্রতিষ্ঠানটির কোনো সংশ্লিষ্টতা নেই। সরকারি বরাদ্দ কিংবা ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা প্রদানের নামে ফোন করে বিকাশ, নগদ বা অন্য কোনো মাধ্যমে টাকা চাওয়ার বিষয়টি সম্পূর্ণ প্রতারণামূলক। এ ধরনের অর্থ লেনদেনের কোনো নির্দেশনা ইসলামিক ফাউন্ডেশন দেয়নি।

বিজ্ঞপ্তিতে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সদস্য, ইমাম, মুয়াজ্জিনসহ সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। ফোনে কেউ সরকারি বরাদ্দ, বেতন-ভাতা কিংবা অন্য কোনো আর্থিক সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে টাকা চাইলে কোনো অবস্থাতেই অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

পাশাপাশি অপরিচিত ব্যক্তির কাছে ব্যক্তিগত তথ্য, জাতীয় পরিচয়পত্রের নম্বর, ব্যাংক হিসাবের তথ্য, পিন নম্বর কিংবা ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) না দেওয়ার জন্যও সতর্ক করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন আরও জানিয়েছে, কেউ এ ধরনের প্রতারণার শিকার হলে অথবা প্রতারণার চেষ্টা সম্পর্কে জানতে পারলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে। পাশাপাশি বিষয়টি ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট জেলা বা বিভাগীয় কার্যালয়েও জানানোর অনুরোধ করা হয়েছে। প্রতারণা প্রতিরোধে নিজ নিজ এলাকার মসজিদ পরিচালনা কমিটি, ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে এ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝