১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬ এ বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন (বিএসইসি)-এর সি১৯-২২ নম্বর স্টল পরিদর্শন করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এ সময় তিনি বিএসইসি’র অধীনস্থ শিল্প প্রতিষ্ঠানসমূহে উৎপাদিত বিভিন্ন পণ্য সরেজমিনে ঘুরে দেখেন এবং পণ্যের গুণগত মান, উৎপাদন সক্ষমতা ও শিল্প প্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রম সম্পর্কে আগ্রহ প্রকাশ করে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির এবং শিল্প সচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন জনাব আব্দুন নাসের খান।
এ সময় বিএসইসি’র চেয়ারম্যান জনাব আব্দুল খালেক মাননীয় প্রধানমন্ত্রীকে কর্পোরেশনের সার্বিক কর্মকাণ্ড, অধীনস্থ শিল্প প্রতিষ্ঠানসমূহে উৎপাদিত পণ্য, চলমান উৎপাদন কার্যক্রম এবং শিল্প প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে অবহিত করেন।
মাননীয় প্রধানমন্ত্রীর এ পরিদর্শন বিএসইসি’র অধীনস্থ শিল্প প্রতিষ্ঠানসমূহের উৎপাদিত দেশীয় পণ্যের পরিচিতি, মানোন্নয়ন ও শিল্প বিকাশে নতুন উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এফপি/অ