মুন্সীগঞ্জের শ্রীনগরে এসএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ না পাওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভ, হট্টগোল এবং বিদ্যালয়ে ভাঙচুরের চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় বিদ্যালয়ের ফটকে তালা দিয়ে শিক্ষক ও বার্ষিক পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের অবরুদ্ধ করে রাখা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার (২২ নভেম্বর) উপজেলার হাসাড়া কালীকিশোর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিদ্যালয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে ২০১ জন শিক্ষার্থী নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে সব বিষয়ে উত্তীর্ণ হয় মাত্র ৩৪ জন। পরবর্তী সময়ে বিশেষ বিবেচনায় আরও ৫৬ জনকে ফরম পূরণের অনুমতি দেওয়া হয়। সব মিলিয়ে মোট ৯০ জন শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে বাকি ১১১ জন শিক্ষার্থীর বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় ক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।
অভিভাবকদের অভিযোগ, গত ১৫ নভেম্বর থেকে তাঁরা এ বিষয়ে সিদ্ধান্ত জানতে নিয়মিত বিদ্যালয়ে আসছেন। কিন্তু প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের সভাপতির সঙ্গে দেখা করতে পারছেন না। সহকারী শিক্ষকদের মাধ্যমে প্রধান শিক্ষক ও সভাপতির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানানোর আশ্বাস দেওয়া হলেও চার দিন পার হয়ে যায়। এরপরও কোনো সিদ্ধান্ত না পাওয়ায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। আগামীকাল ফরম পূরণের শেষ দিন হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি বলে অভিযোগ করেন অভিভাবকেরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ে পড়াশোনার মান সন্তোষজনক নয়। শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়লে ইচ্ছাকৃতভাবে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য করা হয়। ২০১ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৩৪ জন সব বিষয়ে উত্তীর্ণ হওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছে তারা। শিক্ষার্থীদের দাবি, শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়ার কারণে তাঁদের অকৃতকার্য দেখিয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে।
এক অভিভাবক বলেন, “এক সপ্তাহ ধরে প্রতিদিন বিদ্যালয়ে আসতে বলা হচ্ছে। অথচ আগামীকাল ফরম পূরণের শেষ তারিখ। আজ পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো হচ্ছে না। উল্টো বিদ্যালয়ে এসে হট্টগোলের মুখে পড়তে হচ্ছে।”
বিক্ষোভ ও উত্তেজনার একপর্যায়ে বিদ্যালয়ের ফটকে তালা দিয়ে শিক্ষক ও বার্ষিক পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের অবরুদ্ধ করে রাখা হয়। পরে একদল শিক্ষার্থী বিদ্যালয়ের জানালাসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুরের চেষ্টা করে। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল বারী বলেন, আজ প্রধান শিক্ষকের বিদ্যালয়ে আসার কথা ছিল। কিন্তু হট্টগোলের কারণে তিনি আসেননি। প্রধান শিক্ষক অসুস্থ থাকায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো সম্ভব হচ্ছে না।
বিদ্যালয়ের একাডেমিক সুপারভাইজার প্রদীপ চন্দ্র পাল বলেন, বিদ্যালয়ে হট্টগোলের বিষয়টি এখনো কর্তৃপক্ষ তাঁকে জানায়নি। তবে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়ে সভার মাধ্যমে একটি সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের ফরম পূরণের অনুমতি দেওয়া হচ্ছে।
এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা ঘনিয়ে আসায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ, হতাশা ও উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত সিদ্ধান্ত জানিয়ে যোগ্য শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন অভিভাবকেরা।
এফপি/মিব